উপন্যাস

সুন্দরতম সর্বনাশ

তাহমিদ হাসান

খ.
উদয়নগর গ্ৰামটি বড় না হলেও মোটামুটি বড়; গ্ৰামের পথ ধরে পূর্ব দিকে কয়েকটি গ্রামের পরে বৌদ্ধ মন্দিরের পাশ দিয়ে বয়ে গেছে বেতনা নদী; এই বেতনা নদী আবার বহু পথ ঘুরে মিশে গেছে ইছামতি নদীর সাথে—বেতনা নদী পার হয়ে পশ্চিম বরাবর গুরুদেব মলয় বর্মনের নির্দেশিত গ্ৰামের পথ ধরে উদয়নগরে এসেছে ওমর। উদয়নগর পার হয়ে আরও পশ্চিম দিকে এগোতে থাকলে দুই দিনের হাঁটা পথের পরে পাওয়া যাবে ইছামতি নদীর নাগাল—ইছামতি নদীর ওই পাড়ে রাজা লক্ষণ সেনের রাজধানী; তারপর আরও দূরে মগধের পথ ধরে নালন্দা বিদ্যাপীঠের পাশ কাটিয়ে পথ চলে গেছে হিমালয়ের দিকে। ওমরকে উদয়নগরের পথ দেখিয়ে বৌদ্ধ ভিক্ষুদের দলটি সেই পথ ধরে চলে গেছে।

মন্দির ছাড়াও আরও দুইটি পাকা ইটের দালান আছে উদয়নগরে—একটি নির্মল কাকার, অন্যটি পণ্ডিত শঙ্করের; বাকি সবই মাটির আট চালা বাড়ি। প্রতিটি বাড়ি পরিষ্কার-পরিচ্ছন্ন, গরুর গোবর দিয়ে উঠান লেপা; এবং প্রতিটি বাড়ির গায়ে সুন্দর করে আলপনা আঁকা; দেখলেই বোঝা যায় সনাতন ধর্মাবলম্বীদের বাসস্থান। গ্ৰামের মানুষের প্রধান পেশা কৃষিকাজ, গ্রামের দুই পাশে প্রচুর উর্বর ধানের জমি, পুকুরে মাছ; আর বছরের পূজা-পার্বণের সময় প্রসিদ্ধ কালী মন্দির ঘিরে আশপাশের দুই-দশ গ্রামের ভক্ত কুলের আগমনে মুখরিত হয়ে ওঠে উদয়নগর। বিশেষ করে পার্শ্ববর্তী গ্রাম চণ্ডিপুর ও কলঘরের মানুষের আনাগোনায় উদয়নগর যেন একটি প্রাণবন্ত তীর্থ কেন্দ্র—সবই কালী মন্দিরের কল্যাণে।

চারিদিকে উঁচু পাঁচিল দিয়ে ঘেরা পণ্ডিত শঙ্করের বাড়ি; পাঁচিলের দরজা পার হলে ভিতরে বিশাল উঠান; উঠানের মাঝখানে একটা বেদীর উপরে তুলসী গাছ—দেখলেই বোঝা যায় অতি যত্নের ছোঁয়ায় লালিত এই পবিত্র গাছ। পাঁচিলের গা ঘেঁষে বৈঠকখানা; অতিথিদের বিশ্রামের সুন্দর ব্যবস্থা করা হয়েছে এখানে। উঠান পার হয়ে সামনে বারান্দা দিয়ে ঘেরা বড় বড় দুইটি ঘর নিয়ে শঙ্করের বসত বাড়ি। বাড়ির পিছনে শান বাঁধানো ঘাটসহ বড় একটি পুকুর; পুকুরের চারি পাশ জুড়ে বিভিন্ন ধরনের ফলের গাছ। সারা বছর জুড়ে বিভিন্ন ধরনের ফল ভরে থাকে গাছে, আর পুকুর ভর্তি রুই, কাতলা, মৃগেল মাছ দেখলে চোখ জুড়িয়ে যায়; অবশ্য নিতান্তই তাৎক্ষণিক কারণ ছাড়া পুকুর থেকে খুব একটা মাছ ধরা হয় না। পুকুরের পিছনে বড় একটি আম বাগান, আর বাগানের নিচে থেকে বিলের শুরু—এই বিলে প্রচুর জমি আছে পণ্ডিতের, আর সব জমিই বর্গা চাষিরা চাষ করে। কারণ পূজা ও পাঠশালার কাজ শেষ করে তার পক্ষে জমি চাষ বাস করা সম্ভব না, আবার মানায়ও না। শঙ্করই উদয়নগর গ্রামের সবচাইতে ধনী ব্যক্তি—এ কথা কারও অজানা নয়। শঙ্করও যে ব্যাপারটা জানে না তা নয়, তবে এই বিষয়ে তার কোনো ভ্রুক্ষেপ নেই, এবং তার দুয়ারে সাহায্য প্রার্থীর কোনো অভাব নেই—খালি হাতে শঙ্করের দুয়ার থেকে কেউ ফিরে এসেছে এমন ঘটনা কারও জানা নেই।

বাড়ি ফেরার পথে ওমরের সাথে আর কোনো কথা হয়নি শঙ্করের; দু’জনে যে যার চিন্তায় আচ্ছন্ন ছিল; ওমর নীরবে পণ্ডিতকে অনুসরণ করে গেল সারা পথ। শঙ্কর কখনো তার স্ত্রীকে নাম ধরে ডাকে না; সব সময় পার্বতীর মা বলেই ডাকে—কেবল বিশেষ মুহূর্তে যখন আবেগের সর্বোচ্চ স্তরে অবস্থান করে, তখন শঙ্করের মুখে উচ্চারিত হয় অর্চনা দেবীর নাম। কিন্তু আজ আর কোনো নাম ধরেই ডাকার প্রয়োজন পড়ল না শঙ্করের; বাড়ির ভিতরে ঢুকেই শঙ্কর দেখতে পেলো রাঁধুনি ঠাকুরুনকে সাথে নিয়ে অর্চনা দেবী রান্নার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। বারান্দায় বসে পার্বতী খেলছিল, বাবাকে দেখেই—’বাবা’—বলে এক দৌড়ে বাবার কোলে উঠে বসলো। শঙ্করের পিছনে দাঁড়িয়ে ছিল বলে প্রথম দর্শনে অর্চনা দেবী ওমরকে খেয়াল করেননি। শঙ্কর বললো,—’ওমর, মাকে প্রণাম করো।’

শঙ্করের পিছন থেকে ভয়ে ভয়ে বেরিয়ে এসে অর্চনা দেবীর পা ছুঁয়ে প্রণাম করল ওমর। অর্চনা দেবী অবাক হয়ে স্বামীকে প্রশ্ন করলেন,—’ছেলেটি কে?’

—ওর নাম ওমর, আজ থেকে ও আমাদের বাড়িতে থাকবে।

—ও মুসলমান?

—হাঁ।

অর্চনা দেবী মোটেও অবাক হলেন না; স্বামীর উদারতা ও অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড সম্পর্কে তার ভালোই ধারণা আছে।

—তা ওমর কী করবে এখানে?

—আমাদের বাড়িতে থেকে ওমর লেখাপড়া করবে; বৈঠকখানায় ওর থাকার ব্যবস্থা করলে কেমন হয় পার্বতীর মা?

—ভালো হয় বৈকি।

—আমাদের কিছু খেতে দাও পার্বতীর মা; গতকাল থেকে ছেলেটা কিছু খায়নি।

—আহা, বেচারা; আপনারা বসুন, আমি এখনই খাবার দিচ্ছি।

এতো সহজে ওমরকে অর্চনা দেবী আপন করে নেবেন, ওমর তা কল্পনা করেনি; তাই যেমন অবাক হলো, তেমনি আনন্দিতও হলো খুব; তার মনে পড়ে গেল আব্বার দ্বিতীয় স্ত্রী মেহের বানুর শীতল চাহনির কথা—কিন্তু এতো দিন পরে আম্মার মতো স্নেহের একটা জায়গা পেয়ে ওমর এখন নিশ্চিন্ত। তবে ওমরকে দেখে সবচেয়ে খুশি হয়েছে পার্বতী; বিরাট বড় এই বাড়িতে তার সাথে খেলার একজন সঙ্গী পেয়ে পার্বতীর আনন্দের সীমা নেই।

অনেক দিন পরে পেট ভরে ভাত খেলো ওমর; অর্চনা দেবীর আন্তরিক ব্যবহারে তার চোখে ভেসে উঠল আম্মার মায়াভরা মুখ। ওমরের ছোট্ট মনে বয়ে যেতে লাগল স্মৃতির দমকা ঝড়; কিন্তু সে কাউকে বুঝতে দিলো না তার ব্যক্তিগত বেদনার ব্যথা। উদয়নগর ছেড়ে ওমর বহু দূরে চলে গিয়েছিল; আচমকা অর্চনা দেবীর ডাকে ভেঙে গেল তার স্মৃতির দর্পণ।

—খাওয়া হয়েছে ওমর?

—আজ্ঞে, গুরু মা।

—চলো, তোমার থাকার ঘর দেখিয়ে দেই।

বৈঠকখানা বেশ বড়, ঘরের দুই পাশে দুইটা চৌকি পাতা; এক পাশে একটা কাঠের আলমারি—আলমারি ভর্তি কাগজপত্র, ও অনেক পুরাতন পুঁথি। একটা চৌকিতে ওমরের থাকার ব্যবস্থা করে, অর্চনা দেবী জানতে চাইলেন,—’ওমর, ঘর পছন্দ হয়েছে তোমার?’

—আজ্ঞে, গুরু মা।

—গুরু মা আবার কী, মা বলতে পারো না?

—আমি কি আপনাকে আম্মা বলতে পারবো?

—তোমার মাকে কি আম্মা বলতে?

—আজ্ঞে।

—তা আম্মাকে ছেড়ে চলে এলে যে?

—আম্মা বেঁচে নেই; আর আম্মা চেয়েছিলেন তার মৃত্যুর পরে আমি যেন জ্ঞান অর্জনের জন্য ঘর ছেড়ে বেরিয়ে পড়ি।

—মা দুগ্গা, ওমর আমি বুঝতে পারিনি তোমার মা নেই; ঠিক আছে আজ থেকে আমাকে আম্মা বলে ডেকো।

দু’জনের কথার ফাঁকে পার্বতীকে কোলে নিয়ে পণ্ডিত এসে হাজির; সব কিছু ঠিকঠাক হয়েছে কিনা দেখে নিয়ে তিনি ওমরকে বললেন,—’ওমর, আজ তুমি বাড়িতে থাকো, আজ আমি পাঠশালায় তোমার ভর্তির সব ব্যবস্থা করি; কাল থেকে তুমি আমার সাথে পাঠশালা যেও, কেমন।

—আজ্ঞে, গুরুদেব।

গ.

পণ্ডিত শঙ্কর পাঠশালা চলে যাবার পরে রাঁধুনি ঠাকুরুনকে সাথে নিয়ে সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়লেন অর্চনা দেবী; কিন্তু তিনি ভালো করেই বুঝতে পারছেন—কিছু একটা বলার জন্য কাকিমার মুখ অনেকক্ষণ ধরেই চুলকাচ্ছে; কারণ অর্চনা দেবী তাকে ভালোই চেনেন। সেই বিয়ের পর এ বাড়িতে এসেই অর্চনা দেবী মালতির মাকে কাজ করতে দেখছেন, তার শাশুড়ির আমল থেকেই সন্ধ্যা রানী এ বাড়ির স্থায়ী রাঁধুনি। মালতির মা—এই নামের আড়ালে তার আসল নাম ‘সন্ধ্যা রানি’ হারিয়ে গেছে, তাকে সন্ধ্যা নামে ডাকার মতো এখন আর কেউ নেই।

এক দিকে শাশুড়ির বয়সি, আবার এই বাড়ির পুরাতন কাজের মাসী, তাই অর্চনা দেবী তাকে সন্মান দিয়ে মাসী বলেই ডাকে। প্রতিদিন সকালে সন্ধ্যা রানি কাজে আসেন, আর সমস্ত কাজ শেষ করে, দুপুরের খাবার খেয়ে, বিকাল বেলা রাতের খাবার নিয়ে বাড়ি চলে যান। কিন্তু যতক্ষণ তিনি এ বাড়িতে থাকেন ততক্ষণ তার হাতের সাথে তার মিলিয়ে মুখও সমান তালে চলতে থাকে। বেশীক্ষণ চুপ থাকলে তার পেট ফুলে যায়, আর দম বন্ধ হয়ে আসে। মাসীর এই অদ্ভুত রোগ সম্পর্কে অর্চনা দেবী খুব ভালো করেই অবহিত; তাই ইচ্ছায় হোক, অথবা অনিচ্ছায়—সন্ধ্যা রানির বকবকানি শুনতে শুনতে অর্চনা দেবী অভ্যস্ত হয়ে গেছেন।

উদয়নগর শুধু নয়, আশপাশের দুই দশ গ্রামে কোথায় কী ঘটনা ঘটেছে, কখন এবং কেন ঘটেছে—যাবতীয় সংবাদ খুঁটিনাটি সহ অর্চনা দেবীকে না জানানো পর্যন্ত সন্ধ্যা রানি যেন শান্তি পান না। আর অর্চনা দেবীও মনোযোগী শ্রোতার মতো সন্ধ্যা রানির সব গল্প গভীর আগ্রহ নিয়ে শুনতে থাকেন, এবং তাকে উৎসাহ দেবার জন্য মাঝে মাঝে দুই একটা প্রশ্নও করেন। অবশ্য কাকিমার এই মুখরা স্বভাবের কারণে সারাদিন অর্চনা দেবীর সময় ভালোই কেটে যায়; তা না হলে এতো বড় বাড়িতে অর্চনা দেবী একঘেঁয়েমিতে ভুগতেন।

—হাঁ গো বউ, একটা কথা বলি?

—বলো না, কাকি।

—পণ্ডিত কাজটা কি ঠিক করল?

—কোন কাজ, কাকি?

যদিও অর্চনা দেবী খুব ভালো করেই বুঝতে পারছেন কাকি কোন কাজের কথা বলছে; তবুও কাকিকে আরও একটু গরম করে দেবার জন্য অর্চনা দেবী পাল্টা প্রশ্ন করলেন।

—কোন কাজ আবার? এই যে জানা নেই, চেনা নেই, একটা মুসলমান ছেলেকে বাড়িতে জায়গা দিলো।

—তাতে কী হয়েছে কাকি? মা মরা একটা ছোট ছেলে, লেখাপড়া শিখতে এসেছে।

—সে যাই হোক বাপু, তোমার ঘরে একটা মেয়ে আছে।

—তা তো আছে কাকি, আমার তো মনে হয় ভালোই হয়েছে; এতো দিনে পার্বতীকে দেখার একজন মানুষ পাওয়া গেল; সারাদিন মেয়েটা যে লাফালাফি করে—চোখে চোখে রাখাই তো দায় কাকি মা।

—তোমাদের বলিহারি; যেমন পণ্ডিত, তেমনি তুমি।

অর্চনা দেবী মুখ বুজে মুচকি মুচকি হাসতে লাগলেন, তাই দেখে কপট রাগ দেখিয়ে গাঁইগুঁই করতে করতে সকালের এটো থালা-বাসন নিয়ে সন্ধ্যা রানি পুকুর ঘাটে মাজতে চলে গেলেন।

বৈঠকখানার বারান্দায় বসে অনেকদিন পরে বাড়ির কথা মনে পড়ে গেল ওমরের; আম্মার কথা মনে পড়তেই বুকের ভেতরটা হাহাকার করে উঠল—বিশেষ করে অর্চনা দেবীর মমতা যেন ছাই চাপা আগুনে ঘি ঢেলে দিয়েছে। আজ যদি আম্মা বেঁচে থাকত, তবে বাড়ি ছাড়ার প্রশ্নই আসতো না; দাদা-দাদির জন্য ভীষণ কষ্ট হচ্ছে ওমরের। এখন যেহেতু একটা আশ্রয় পেয়েছে, তাই বসে বসে ওমর ভাবছে—এতো বড় একটা দুঃসাহসের কাজ সে কীভাবে করে বসলো? এতো দিনে দাদা নিশ্চই বুঝতে পেরেছেন—ওমর আর ফিরবে না। যে পাখি খাঁচা ভেঙে স্বেচ্ছায় উড়ে যায়, সে কি আর ফিরে আসে? আব্বার প্রতি ওমরের অনেক অভিমান—সে কখনো আব্বাকে আম্মার সাথে ভালো ব্যবহার করতে দেখেনি। আম্মার মনে অনেক কষ্ট ছিল, কিন্তু আম্মা সেটা কাউকে বুঝতে দিতে চাইতো না। হতাশায় একবার ভেঙে পড়ে ওমর, আবার মন শক্ত করে; যে জীবন একবার সে পিছনে ফেলে এসেছে, সেখানে আবার ফিরে যাওয়া মানে তো পরাজয়। অতএব সামনে যেতে হবে, পিছনে তাকাবার প্রশ্নই আসে না; আম্মার ইচ্ছা পূরণ তাকে করতেই হবে—প্রকৃত মানুষ তাকে হতেই হবে, আব্বার মতো হতে চায় না ওমর।

রাতের খাবার খেয়ে ওমর তার ঘরে চলে গেছে; সবকিছু গুছিয়ে স্বামীকে পান বানিয়ে দিয়ে, নিজেও একটা পান মুখে দিয়ে কিছু একটা বলার জন্য উসখুস করতে লাগলেন অর্চনা দেবী। বিষয়টা পণ্ডিতের চোখ এড়ালো না—সেই তেরো বছরের অর্চনা কে বিয়ে করে ঘরে এনেছিল শঙ্কর; তার চাইতে ভালো আর কে চিনবে অর্চনাকে?

—কিছু বলবে পার্বতীর মা?

—কী আর বলব, কিন্তু কাজটা কি ভালো করলেন?

—আমি কালী মায়ের পূজারী পার্বতীর মা, আমার উপরে আস্থা রাখতে পারো; তাছাড়া আমার মন বলছে আমি কোনো ভুল করিনি।

—তাই যেন হয় ঠাকুর, তবে একটা জিনিস খেয়াল করেছি আমি—ছেলেটা খুব লক্ষ্মী; সারাদিন আমার অনেক কাজ করে দিয়েছে ওমর।

—ওমরকে দেখে আমিও বুঝতে পেরেছি—আর আট দশটা বালকের মতো সে নয়; নিশ্চয়ই ও কোনো উচ্চ বংশীয় অভিমানী বালক। হয়ত মায়ের মৃত্যু ও পিতার দ্বিতীয় বিবাহের কারণে রাগ করে ঘর ছেড়েছে; কিছু দিন গেলে আবার স্বেচ্ছায় বাড়ি ফিরতেও পারে ওমর। তবে যাই হোক পার্বতীর মা, ওমর কিন্তু কোনো সাধারণ বালক নয়, তাই যদি হতো, তবে এই বয়সে সে ঘর ছাড়ার সাহস দেখাতে পারতো না।

—ওমরের জন্য আমাদের কোনো বিপদ হবে না তো পার্বতীর বাবা? এখন তো আবার মুসলমানদের রাজত্ব।

—তা হবে কেন? আমি তো কোনো অন্যায় করিনি, বরং একটা অনাথ বালককে আশ্রয় দিয়েছি। যদি ওমরের আব্বা ওমরকে নিয়ে যেতে আসে, আমি তার হাতে ওমরকে উঠিয়ে দেবো।

—আমার হয়েছে যতো জ্বালা; আম্মা, আম্মা করে মায়ায় জড়িয়ে বুকটা আবার খালি করে চলে যাবে ওমর। এই কি ঠাকুরের ইচ্ছা? ওমরের মতো একটা ছেলে আমায় কি দিতে পারেন না ঠাকুর?

—দুঃখ করছো কেন পার্বতীর মা? ঠাকুর তোমার দিকে মুখ তুলে তাকিয়েছেন বলেই তো ওমর নিজের পায়ে হেঁটে তোমার কাছে চলে এসেছে।

—কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছেন, পার্বতীর বাবা?

—না, ওমর তোমার মাঝে ওর মায়ের ছায়া খুঁজে পেয়েছে, ও তোমাকে ছেড়ে কোথাও যাবে না; আর যদি যায়ও তবে আবার ফিরে আসবে—আমার কথা মিলিয়ে নিয়ো।

—তাই যেন হয়, ঠাকুর।

বহুদিন পরে আবার একা হয়ে গেল ওমর; এতোদিন বৌদ্ধ বালকদের সাথে ছিল বলে বাড়ির কথা মনে করে মন খারাপ করার সময় সে পায়নি; কিন্তু একাকীত্ব এখন তাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে—সে এখন একা, এই রাতের মতো, আকাশের নক্ষত্রের মতোই একা। মুরাদনগর, বন্ধু রহিম, মক্তব, বাড়ির পিছনের শূন্য বিল, বিলের শেষ মাথায় বাবলা গাছের ডালে বসে থাকা তীক্ষ্ণ দৃষ্টির যূথবদ্ধ শকুন—কেউ আর ওমরের অভাব অনুভব করে না। প্রকৃতি প্রতি মুহূর্তে পূরণ করে চলেছে তার শূন্যতা-অপূর্ণতা; একমাত্র গতিই সত্য, আর সত্য এই পথ চলা—গুরুদেব মলয় বর্মন যেমন বলেছিলেন।

গভীর রাত, কিন্তু ওমরের চোখে ঘুম নেই; জানালার বাইরে ঘুটঘুটে অন্ধকার; ওমরের চোখে এখনো ভাসছে আম্মার মৃত্যুর সেই রাত, অপার্থিব সেই আলো আর আঁধারের খেলা। আম্মার কথা মনে পড়লেই আদ্র হয়ে ওঠে ওমরের মন; কিন্তু আব্বার কথা ভাবলেই তার হৃদয় যেন জমাট বাঁধা পাথর হয়ে যায়। রাতের নীরবতা যেন তার কানে কানে বলছে—’একটু পানি খাওয়াবি আব্বা।’

গত এক মাসের পথচলা ওমরকে ছোট বালক থেকে মানসিকভাবে একজন যুবকে পরিণত করে দিয়েছে; এই এক মাসে সে যা শিখেছে তা এক জনমের অভিজ্ঞতার সমতুল্য। কাল থেকে শুরু হবে তার নতুন জীবন; পাঠশালা, নতুন বন্ধু, সহপাঠী, শিক্ষক—রোমাঞ্চিত ওমরের রাত যেন কাটতে চাইছে না।

প্রকৃতি যেমন শূন্যস্থান পছন্দ করে না, তেমনি আবার যদি কিছু ছিনিয়ে নেয়, তবে তা ফিরিয়ে দেয় অন্য কিছু দিয়ে, অন্য ভাবে। ওমরের কাছে মুরাদনগর এখন আম্মার মতোই মৃত, কিন্তু তাকে এই মুহূর্তে হাতছানি দিচ্ছে উদয়নগর পাঠশালা প্রজ্ঞার প্রদীপ জ্বেলে।

চার.

ক.
অন্য আর দশটা সকলের মতো আজকের এই দিন; কিন্তু ওমরের কাছে এটা নতুন পৃথিবীতে পদার্পণের প্রস্তুতি এবং আজকের এই দিন তার জীবনে উন্মোচিত করতে যাচ্ছে এক নতুন সম্ভাবনা। মনের গভীরে যে লালিত স্বপ্ন নিয়ে সে ঘর ছেড়েছিল—আজ সেই স্বপ্ন পূরণের দিন। একদিকে সে যেমন রোমাঞ্চিত, অন্য দিকে আবার ভীত অজানা আতঙ্কে—পাঠশালায় সে কি আজ আন্তরিক অভ্যর্থনা পাবে, নাকি তাকে মুখোমুখি হতে হবে প্রতিকূল পরিবেশের? তবু হাজার চিন্তা মাথায় নিয়ে গুরুদেব শঙ্করের পিছনে পিছনে নীরবে পাঠশালার পথে হাঁটতে লাগল ওমর।

আম্মাই ছিলেন ওমরের জীবনে শ্রেষ্ঠ শিক্ষিকা; শিশু ওমরের মনে যতো প্রশ্ন উঁকি দিতো—সবই সে উপস্থাপন করত আম্মার কাছে; আর বিলকিস বানু ধৈর্যের সাথে ওমরের সব প্রশ্ন শুনতেন ও যথাসম্ভব তার কৌতুহল নিবারণ করার চেষ্টা করতেন। আম্মাই প্রথম অনুধাবন করতে পেরেছিলেন ওমরের অপার কৌতুহল সম্পর্কে; মসজিদের ইমাম সাহেবের পক্ষে ওমরের সব প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব ছিল না; তাই বিলকিস বানু সব সময় চাইতেন ওমর ধর্মীয় শিক্ষার পাশাপাশি পাঠশালার প্রকৃত শিক্ষা অর্জন করুক। হয়ত তাই মৃত্যুর আগে তিনি ওমরকে ঘর ছাড়তে বলেছিলেন; যেহেতু মুরাদনগরে কোনো পাঠশালা ছিল না। ওমর কিন্তু এটা জানে না যে, তার মনের এই অপার কৌতুহল তার আম্মার চারিত্রিক বৈশিষ্ট্য; আর এটা সে পেয়েছে আম্মার গর্বিত উত্তরাধিকার হিসেবে। বিলকিস বানুও ছিলেন অত্যন্ত মেধাবী, এবং শিক্ষার প্রতি ছিল তার গভীর অনুরাগ—তিনি-ই ওমরের ছোট্ট মনে জ্ঞানের পবিত্র প্রদীপ জ্বেলে দিয়েছেন।

আকাশ-পাতাল চিন্তা করতে করতে পণ্ডিত শঙ্করের পিছন পিছন পাঠশালায় এসে উপস্থিত হলো ওমর; এই সেই উদয়নগর পাঠশালা, যেখানে পড়ার অদম্য আগ্রহ ও স্বপ্ন নিয়ে এতো দূর থেকে, এতো পথ পাড়ি দিয়ে সে এসেছে। বড় একটি মাঠের প্রান্ত ঘেঁষে ইংরেজি ‘L’ অক্ষরের মতো লম্বায় আটটি ও আড়ে চারটি ঘর নিয়ে মোট বারোটি ঘরের সমন্বয়ে গঠিত উদয়নগর পাঠশালা। পাঠশালার পিছনে একটি উঠানের চারিপাশে আরও দশটি ঘর—এটা বহিরাগত ছাত্রদের আবাসিক ভবন, আর আবাসিক ভবনের পিছনে বিশাল এক বাগান—সেখানে অন্য সব গাছকে পিছনে ফেলে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে মন্দিরের বটগাছের মতোই এক প্রাচীন অশ্বত্থ গাছ। বৌদ্ধদের কাছে অতি পবিত্র বলে এই অশ্বত্থ গাছের গোড়াও ইট দিয়ে সুন্দর করে বাঁধানো; পাঠশালার আবাসিক ভবনের ছাত্রদের বসার একটা প্রিয় স্থান এটা। এখানে বসে ছাত্ররা প্রহরের পর প্রহর কাটিয়ে দেয় জ্ঞানের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও তর্ক-বিতর্ক করে; আর নীরবে দাঁড়িয়ে থেকে ছাত্রদের আবেগী বিতর্ক শুনে, মাঝে মাঝে বাতাসে মর্মর ধ্বনি তুলে প্রাচীন অশ্বত্থও যোগ দেয় ছাত্রদের সাথে। গুরুদেব মলয় বর্মন বলেছিলেন—অশ্বত্থ তলে নাকি প্রভু বুদ্ধের জন্ম, আবার এই অশ্বত্থ গাছের তলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন প্রভু।

পণ্ডিত মশাইকে আসতে দেখে ছাত্ররা সবাই তাঁকে প্রণাম জানালো; ওমর কে নিয়ে তিনি তার কার্যালয়ের দিকে চলে গেলেন; পিছনে পিছনে কয়েকজন শিক্ষক তাঁর কার্যালয়ে এসে হাজির হলো। পাঠশালায় ছাত্র প্রায় তিন শত জন; শিক্ষক সাকুল্যে বিশ জন, পণ্ডিত শঙ্করসহ। অর্ধেক ছাত্র আবাসিক, বাকি অর্ধেক উদয়নগর সহ পার্শ্ববর্তী গ্রাম থেকে আগত। পাঠশালার নিজস্ব কিছু সম্পত্তি থেকে প্রাপ্ত আয় এবং সচ্ছল গ্রামবাসীদের অনুদানে শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়; তবে পণ্ডিত শঙ্কর এই পাঠশালার সবচেয়ে বড় অনুদান দাতা।

পণ্ডিত শঙ্কর গতকাল ওমরের ভর্তির যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে রেখেছিলেন—আজ শুধু পরিচিতি পর্ব। একজন শিক্ষকের দিকে ইঙ্গিত করে পণ্ডিত ওমরকে বললেন,—’ওমর, ইনি তোমার শিক্ষক নির্মল; প্রণাম করো।’

ওমর গুরু নির্মলের পদস্পর্শ করে প্রণাম করল। পণ্ডিত গুরু নির্মল কে বললেন,—’নির্মল, ওমরকে ওর শ্রেণিকক্ষ দেখিয়ে দাও।’

—আজ্ঞে গুরুদেব—ওমর আমার সাথে এসো।

ওমর পণ্ডিত মশাই এর অনুমতির উদ্দেশ্যে তার দিকে তাকালো; পণ্ডিত ওমরকে অভয় দিয়ে বললেন,—’যাও ওমর, তোমার সহপাঠীদের সাথে পরিচিত হয়ে নাও।’

ওমর ভয়ে ভয়ে গুরু নির্মলের পিছনে হাঁটতে লাগল।

এতো বড় পাঠশালা ওমর আগে দেখেনি, আসলে সে কোনদিন পাঠশালাই দেখেনি। ওমর মাথা নিচু করে শ্রেণী কক্ষের বারান্দা দিয়ে গুরু নির্মলের পিছনে পিছনে হাঁটছে; কিন্তু সে স্পষ্ট অনুভব করছে—সবাই তার দিকে তাকিয়ে আছে। একটা কক্ষের সামনে এসে গুরু নির্মল থামলেন; ওমর দেখল তার বয়সি বিশ-পঁচিশ জন ছাত্র চাটাই পেতে বসে আছে; গুরু নির্মল ওমরকে বললেন,—’ওমর, এই কক্ষের সবাই তোমার সহপাঠী; যাও, ওদের পাশে গিয়ে বসো—সবার সাথে মিলে মিশে থাকবে, কিছুক্ষণ পরে আমি আসবো তোমাদের পড়াতে।’

ওমর ভয়ে ভয়ে দরজার সামনে গিয়ে দাঁড়াল, সবাই ওমরের দিকে তাকিয়ে আছে; অনাথ বালকের মতো করুণ দৃষ্টিতে ওমর সবাইকে দেখতে লাগল—যদি কেউ ভালোবেসে তাকে কাছে ডাকে? ওমর খেয়াল করল একটি ছেলে তার দিকে তাকিয়ে হাসছে। ওমর তার অবচেতন মনে অনুমান করে নিলো—এই হাসি তার প্রতি বন্ধুত্বের অমায়িক আমন্ত্রণ। ওমর ছেলেটির কাছে গিয়ে দাঁড়াতেই, ছেলেটি একটু সরে গিয়ে ওমরকে বসার জন্য জায়গা করে দিলো; ছেলেটির পাশে বসে মুহূর্তে শ্রেণীকক্ষের সবার সাথে মিশে গেল সে।

—তোমার নাম ওমর।

—তুমি কী করে জানলে? অবাক হয়ে ওমর প্রশ্ন করল।

—গতকাল আমি তোমাকে মন্দিরে গুরুদেবের সাথে দেখেছি; আমি কেন—গ্ৰামের সবাই তোমার নাম জানে।

—তোমার নাম কী?

—কৃষ্ণ, আমার বাবা গুরুদেবের বাল্যবন্ধু।

কয়েক মুহূর্ত আগের পরিচয়, অথচ অনর্গল অনেক কথাই বলে গেল কৃষ্ণ; যেন কোনো পুরাতন বন্ধুর সাথে বহুদিন পরে দেখা। ওমর ধৈর্যশীল শ্রোতার মতো অদ্যপান্ত শুনতে লাগল, আর তার মনে পড়ে গেল বন্ধু রহিমের কথা; তবে যাই হোক, কৃষ্ণের আন্তরিক ব্যবহারে ওমর মুগ্ধ। অতএব দু’জনের বন্ধুত্ব গাঢ় হতে বেশি সময় লাগল না; কিন্তু ওমর যতটা অন্তর্মুখী, কৃষ্ণ ততটাই চটপটে, গল্প প্রিয়; হয়ত এই বিপরীত মুখী চারিত্রিক বৈশিষ্ট্যই একদিন তাদের বন্ধুত্বের প্রগাঢ় চাবিকাঠি হয়ে উঠবে।

—গুরু নির্মল আমাদের কোন বিষয়ে পড়াবেন কৃষ্ণ?

—উনি আমাদের অংক আর বিজ্ঞান পড়াবেন।

কথা শেষ না হতেই শিক্ষক নির্মল শ্রেণীকক্ষে প্রবেশ করলেন; সবাই দাঁড়িয়ে শিক্ষককে প্রণাম করে আবার বসে পড়ল।

গুরু বললেন,—’আজ আমরা আমাদের নতুন সহপাঠী ওমরের সাথে পরিচিত হবো।’

তারপর ওমরের দিকে তাকিয়ে আবার বললেন,—’আচ্ছা বলো তো ওমর, ‘শূন্য’ সংখ্যার মান কত?’

—গুরুদেব, শূন্যের নিজস্ব কোনো মান নেই; কিন্তু ‘শূন্য’ যখন কোনো সংখ্যার পিছনে বসে, তখন ‘শূন্য’ সংখ্যার আকৃতি ধারণ করে।

—বাহ, চমৎকার; এটা তুমি কোন শিক্ষকের কাছে শিখেছো?

—গুরুদেব, আমি আমার আম্মার কাছে শিখেছি।

—কেন, তোমাদের গ্রামে কোনো পাঠশালা ছিল না?

—না, গুরুদেব; আমি আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে আরবি ও ফার্সি শিখতাম; আর গণিত ও অন্যান্য বিষয়ে আম্মার কাছে পাঠ নিতাম।

—ঠিক আছে ওমর, কিন্তু তুমি কী বলতে পারো—রাতে আমরা পাশাপাশি যে নক্ষত্রগুলো দেখি, এগুলো কি আসলে পাশাপাশি থাকে?

—না, গুরুদেব; নক্ষত্রগুলো পাশাপাশি থাকে না। নক্ষত্রগুলো একটার থেকে আরেকটা বহু দূরে থাকে; যে নক্ষত্রের আলো কম দেখায় সেটা দূরের, আর যে নক্ষত্রের আলো উজ্জ্বল দেখায় সেটা আমাদের নিকটবর্তী।

—আর গ্ৰহ-নক্ষত্র চেনা যায় কীভাবে?

—গুরুদেব, নক্ষত্র স্থির মনে হয়, আমরা তাদের সব সময় আকাশের এক জায়গায় দেখি; কিন্তু গ্ৰহগুলো আকাশে ঘুরতে থাকে, তাই খোলা চোখে সহজেই চেনা যায়। আম্মা আমাদের বাড়ির ছাদে বসে আমাকে গ্রহ-নক্ষত্র চেনাতেন।

—তোমার আম্মা তো খুব বিদ্যান মহিলা দেখছি; তুমি আম্মাকে ছেড়ে চলে আসলে কেন?

—আমার আম্মা আর নেই গুরুদেব।

—নেই মানে?

—আম্মা বেঁচে নেই গুরুদেব; আর মৃত্যুর আগে আম্মা আমাকে পাঠশালায় পড়ার জন্য ঘর ছাড়তে বলেছিলেন।

ওমরের চোখ জলে ছলোছলো হয়ে উঠল; তাই দেখে তার সহপাঠীরাও আবেগ তাড়িত হয়ে গেল।

—দুঃখ করো না ওমর, তোমার আম্মা স্বর্গবাসী হোক; আর আমরা তো সবাই মরে যাব—কেউ আগে, আর কেউ পরে।

গুরু নির্মল গল্প করার ছলে, অতি কৌশলে ওমরের জ্ঞানের গভীরতা মেপে নিলেন; ওমর এবং তার সহপাঠীরা কেউ কিছু বুঝতেই পারলো না, অবশ্য তাদের বোঝার কথাও নয়; কিন্তু একজন শিক্ষকের কাছে এটা একটা অতিব জরুরী বিষয়। কারণ, ছাত্রদের পাঠ দেওয়ার জন্যই তাদের মানসিক স্তর সম্পর্কে একজন শিক্ষকের স্পষ্ট ধারণা থাকা প্রয়োজন। আজ এই ভাবে গল্পের মাধ্যমে কিছু সাধারণ বিষয়ে আলোচনা করে গুরু নির্মল তার নির্দিষ্ট সময় শেষ করে চলে গেলেন।

—ওমর, আমাদের পাঠ দেন মোট তিনজন শিক্ষক; কিন্তু রোজ দুইজন করে। বাকি দুইজন শিক্ষক হচ্ছেন—গুরু আনন্দ ও গুরু গৌতম। গুরু আনন্দ খুব মজার মানুষ, তিনি আমাদের বাংলা, সংস্কৃত এবং সাহিত্য পড়ান। এদিকে গুরু গৌতম খুব গম্ভীর প্রকৃতির মানুষ; তুমি শত চেষ্টা করলেও তাকে হাসাতে পারবে না—তিনি আমাদের পড়ান ইতিহাস ও ধর্মতত্ত্ব।

—তাই নাকি?

—মাইরি বলছি।

ইতোমধ্যে অন্য সহপাঠীদের সাথেও পরিচিত হয়েছে ওমর; সবাই খুব সহজভাবে গ্রহণ করেছে তাকে। ওমরের মনে সকাল থেকে যে-ভয় কাজ করছিল এখন আর তা নেই, কেটে গেছে। আসলে বালকেরা খুব সহজে সবকিছু সুন্দর ও স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে; কারণ তাদের মন নির্মল ও পবিত্র। ওমর এখন খুব আপ্লুত ও আনন্দিত; যে উদ্দেশ্য নিয়ে সে ঘর ছেড়েছিল তা আজ পূরণ হয়েছে—সে এখন হৃদয় দিয়ে অনুভব করতে পারছে প্রকৃত পাঠশালার মর্ম ও মাহাত্ম্য; আম্মা কেন তাকে পাঠশালায় পড়ার জন্য উৎসাহিত করেছিলেন।

একজন শিক্ষক কক্ষে প্রবেশ করতেই কৃষ্ণ ওমরের কানে কানে ফিসফিস করে বললো,—’ওমর, ইনি গুরু আনন্দ।’

—তবে তো এখন আমরা সাহিত্য পড়াবো।

—হাঁ।

যথারীতি সবাই দাঁড়িয়ে শিক্ষক মশাইকে প্রণাম জানালো—বালকেরা, তোমরা সবাই কেমন আছো?
সবাই সমস্বরে বললো,—’আজ্ঞে গুরুদেব, আমরা ভালো আছি।

—কৃষ্ণ, তোমাদের সাথে নতুন একটা ছেলে যোগ দিয়েছে না? কই সে, তার নাম কী?

—গুরুদেব, আমার নাম ওমর।

—ও আচ্ছা, তুমিই সেই ছেলে। তোমার ব্যাপারে পণ্ডিত মশাই আমাদের অনেক কথা বলেছেন; এতো পথ পাড়ি দিলে এই বয়সে—তোমার ভয় লাগেনি?

—না, গুরুদেব; এক দল বৌদ্ধ ভিক্ষুদের সাথে আমি এতদূর এসেছি। তারাই আমাকে এখানে আসতে সাহায্য করেছে; তাদের সাথে থাকতে থাকতে আমি অনেক কিছু শিখেছি—আমি প্রহরের পর প্রহর ধ্যান করতে পারি।

—তাই নাকি? তবে তো চমৎকার হলো; তুমি কি জানো আমিও একজন বৌদ্ধ?

—না, গুরুদেব।

—ঠিক আছে ওমর, ধ্যান করা নিয়ে তোমার সাথে পরে অনেক আলাপ করবো; এখন পাঠ্যপুস্তক বের করো সবাই।

গুরু আনন্দ চর্যাপদ থেকে একটা কবিতা পড়তে শুরু করলেন; সবাই মনোযোগ দিয়ে শুনতে লাগল।

(চলবে)

Show More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension