বাংলাদেশ

আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ, ৫টিতে কর্মবিরতি

সাভারের আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে পাঁচটি পোশাক কারখানায় শ্রমিকরা বিরতি পালন করেছে। পরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই কারখানাগুলোতে ছুটির ঘোষণা করে কারখানা কর্তৃপক্ষ।

আজ রোববার সকালে শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া এসব তথ্য নিশ্চিত করেন।

শিল্প পুলিশ, শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ন্যূনতম বেতন ৩০ হাজার টাকাসহ ৩ দফা দাবিতে পোশাক শ্রমিকরা টানা আন্দোলন ও বিক্ষোভ করে। এরই ধারাবাহিকতায় শিল্পাঞ্চল আশুলিয়ায় পাঁচটি পোশাক কারখানায় আজ কর্মবিরতি পালন করে। এছাড়া এআর জিন্স, নিউ এইজ, কন্টিনেন্টালসহ অন্তত ৪০ থেকে ৪৫টি পোশাক কারখানা শ্রমিকদেরকে সাধারণ ছুটি দেওয়া হয়েছে।

বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খাইরুল মামুন মিন্টু বলেন, ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য মজুরি বোর্ড গঠন করা হয়েছে এবং মজুরি বোর্ডের কার্যক্রম চলমান রয়েছে। তবে অধিকাংশ পোশাক কারখানার শ্রমিকরাই কাজে ফিরেছেন। তবে ৪০-৫০টি পোশাক কারখানা ১৩ (১) ধারায় বন্ধ রয়েছে৷ এতে শ্রমিকরা উৎপাদন বন্ধ থাকলে বা কাজ বন্ধ থাকলে মজুরি পাবে না বলে জানান তিনি।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সকালে পাঁচটি পোশাক কারখানায় শ্রমিকরা কর্মবিরতি পালন করেন। এছাড়া শিল্পাঞ্চল সাভার-আশুলিয়ায় বেশিরভাগ পোশাক কারখানাতে শ্রমিকেরা কাজে যোগ দিয়েছেন। তবে বেলা ১১টা পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় শিল্পাঞ্চলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান তিনি। সংবাদ বিশ্লেষণ টুল

এর আগে, গতকাল শনিবার ঢাকার উত্তরায় বিজিএমইএর কার্যালয়ে বিজিএমইএ ও বিকেএমইএ যৌথভাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সেখানে পোশাকশ্রমিকেরা কাজে যোগ না দিলে রোববার থেকে শ্রম আইনের ১৩(১) ধারা অনুযায়ী কারখানা বন্ধ করে দেবেন মালিকেরা –এমন ঘোষণা দেন । এ ধারায় কারখানা বন্ধ থাকলে শ্রমিকেরা মজুরি পাবেন না। অর্থাৎ কাজ নেই তো মজুরিও নেই।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension