
বিস্ফোরক তনুশ্রী, ‘পোশাক খুলে ফেলে নাচতে বলেছিল ও’
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ফের একবার বিস্ফোরক অভিনেত্রী তনুশ্রী দত্ত৷ নানা পাটেকরের বিরুদ্ধে তাঁর সাম্প্রতিক অভিযোগ নিয়ে যেখানে তোলপাড় বলিউড৷ হলিউডের মতো #MeToo- তে যেখানে ধীরে ধীরে দুভাগ হচ্ছে বি-টাউন, সেখানে ফের একবার বোম ফাটালেন আশিক বনায়া আপনে’র অভিনেত্রী৷ তিনি জানালেন চিত্রনির্মাতা বিবেক অগ্নিহোত্রী তাঁকে কি বলেছিলেন৷

জানা যায়, ২০০৫ সালে বিবেক অগ্নিহোত্রীর পরিচালনায় চকোলেট ছবিতে কাজ করেছিলেন তনুশ্রী৷ যে ছবিতে ইমরান হাসমি, সুনীল শেট্টি, অনিল কাপুর, ইরফান খানের মতো তারকারাও ছিলেন৷ এক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারের সময় তনুশ্রী দাবি করেন, একটি দৃশ্যে প্রয়োজন না হলেও তাঁকে পরিচালক বিবেক অগ্নিহোত্রী বলেছিলেন, ‘কপড়ে উতারকে নাচ উসকে সামনে'(পোশাক খুলে ওর সামনে নাচ)৷

এই পরিস্থিতি থেকে ইরফান খান এবং সুনীল শেট্টি তাঁকে উদ্ধার করেন বলেও জানান তনুশ্রী৷ অভিনেত্রী আরও জানান, সুনীল শেট্টি এবং ইরফান খানের মতো বলি তারকাদের সঙ্গে কাজ করে যেতে পারতেন তিনি কিন্তু ‘Horn OK Pleasss’ ছবিতে কাজ করার সময় নানা পাটেকরের সঙ্গে ভয়াবহ অভিজ্ঞতায় তিনি ২০০৮ সালে অভিনয় জগত থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন৷

সম্প্রতি এক সাক্ষাৎকারে তনুশ্রী জানিয়েছেন ২০০৮ সালে ‘হর্ন ওকে প্লিজ’ ছবির শ্যুটিং চলাকালীন তাঁর সঙ্গে নানা পাটেকার দুর্ব্যবহার করেছিলেন৷ তিনি স্পষ্ট জানান, “আইটেম নম্বরের শ্যুটিং চলছিল৷ আমার কাঁধে হাত রেখে এদিক ওদিক ধাক্কা মারছিলেন উনি৷ কোরিওগ্রাফারকে বসিয়ে দিয়ে আমায় নাচ শেখানোর চেষ্টা করছিলেন৷ আমি যখন ছবির নির্মাতাদের জানাই যে নানা পাটেকার আমার সঙ্গে দুর্ব্যবহার করছেন৷ তাঁরা আমার কথা না শুনে উল্টে নানাকে কথাটা গিয়ে বলে দেয়৷”

নানা পাটেকারের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ শুনে গণেশ আচার্য সম্পূর্ণ অস্বীকার করে জানান, সেটে এমন কিছুই হয়নি৷ গণেশ আচার্যই সেই গানের কোরিওগ্রাফির দায়িত্বে ছিলেন৷ আর এই ঘটনায় গতকাল মুখ খোলেন নানা পাটেকার৷ এক সংবাদ মাধ্যমে দেওয়া টেলিফোনিক সাক্ষাৎকারে নানা গোটা বিষয়টি হেসে উড়িয়ে দিয়েছেন৷ সমগ্র বিষয়টাই মিথ্যে অভিযোগ বলে জানিয়েছেন তিনি৷




