
বাস্তবের রজনীকান্ত মোদীই, মনে করেন পর্দার রজনী
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: সিনেমার পর্দায় তিনি নিজেই একা হাতে দশ জনকে ধরাশায়ী করে দেন৷ সেই তামিল সুপারস্টার রজনীকান্ত মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দশ জনের থেকেও বেশি শক্তিশালী৷ লোকসভা ভোটের আগে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিরোধীরা যেখানে এককাট্টা হয়ে জোট বাঁধছে সেই সময় রজনীকান্তের মতো ব্যক্তিত্বের মুখে মোদীর স্তুতি রাজনৈতিক মহলের কৌতুহল বাড়িয়েছে৷

ঠিক কী বলেছেন রজনীকান্ত? মোদীর বিরুদ্ধে বিরোধীদের জোট গঠন নিয়ে প্রশ্ন করা হলে উত্তরে তিনি বলেন, ‘‘যখন একজনের বিপরীতে দশ জন এসে দাঁড়ায় তাহলে কাকে বেশি আমরা শক্তিশালী বলব? দশজন মিলে যদি একজনের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে তাহলে কে বেশি শক্তিশালী?’’ উত্তরটা তিনি সোজাসুজি দিলেও বুঝিয়ে দেন বিরোধীরা যতই হম্বিতম্বি করুক তারা মোদীর মোকাবিলা করে উঠতে পারবে না৷ কারণ মোদী তাদের থেকে অনেক বেশি শক্তিশালী৷
অনেক আগেই রাজনীতিতে নামার কথা ঘোষণা করেছেন রজনীকান্ত৷ তবে কোনও দলে যোগদান নয়, বরং নিজের রাজনৈতিক দল তৈরি করবেন তিনি৷ আরও এক দক্ষিণী সুপারস্টার কমল হাসানও রাজনীতিতে নেমেছেন৷ তৈরি করেছেন নিজের দল৷ কিন্তু রজনী এখনও নিজের দলের নাম ঘোষণা করেননি৷

তবে অভিনেতার ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, পদ্ম শিবিরের প্রতি তাঁর আগ্রহ বেশি৷ এমনকী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে রজনীকান্তের সম্পর্ক ভালো৷ বেশ কয়েকবার দু’জনের মধ্যে দেখা সাক্ষাতও হয়েছে৷ সেই থেকে জল্পনা ছড়ায় এনডিএ শিবিরের প্রতি তাঁর ঝুঁকে থাকার সম্ভাবনা বেশি৷ এই নিয়ে তাঁকে প্রশ্নও করা হয়৷ দল গঠন করার পর তিনি বিজেপির সঙ্গে জোট বাঁধবেন কীনা? কিন্তু প্রশ্নটি এড়িয়ে তিনি জানান, এটা নিয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে৷



