প্রধান খবরবাংলাদেশরাজনীতি

জাতীয় ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহার ঘোষণা: ৩৫ দফা, ১৪ প্রতিশ্রুতি

রূপসী বাংলা ঢাকা ডেস্ক:  একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জাতীয় ঐক্যফ্রন্ট ইশতেহার প্রকাশ করেছে। সোমবার সকালে রাজধানীর পূর্বাণী হোটেলে ৩৫ দফা ইশতেহার ঘোষণা করা হয়। ইশতেহারে ১৪টি প্রতিশ্রুতি দেওয়া হয়। নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ইশতেহারের বিস্তারিত পাঠ করেন।

ঐক্যফ্রন্টের এই ইশতেহারে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার ভারসাম্য ও পরপর দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী পদে না থাকার প্রতিশ্রুতি ছাড়াও নির্বাচনকালীন নির্দলীয় সরকার ব্যবস্থা, প্রশাসনিক সংস্কার ও বিকেন্দ্রীকরণ, মৌলিক অধিকার রক্ষায় বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ, ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল, পিএসসি এবং জেএসসি পরীক্ষা বাতিল, চাকরিতে প্রবেশের সময়সীমা বাড়ানো, নারীর নিরাপত্তা এবং ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়কে প্রাধান্য দেওয়া হয়েছে। প্রতিহিংসার রাজনীতি দূরীকরণ, নাগরিকের জীবনের নিরাপত্তা নিশ্চিতকরণ, মতপ্রকাশের স্বাধীনতা, দুর্নীতি দমন ও সুশাসনসহ  ১৪টি বিষয়ে আমূল পরিবর্তন আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নির্বাচিত হতে পারলে পাঁচ বছরের শাসনকালে যেসব প্রতিশ্রুতি বাস্তবায়ন করা যাবে, সেগুলোর ওপর জোর দিয়েছে ঐক্যফ্রন্ট।

ইশতেহার ঘোষণার আগে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন তার বক্তব্যে বলেন, সময় এসেছে রুখে দাঁড়ানোর, ঐক্যবদ্ধ হয়ে দেশের মালিকানা বুঝে নেওয়ার। জনগণই হবে ক্ষমতার মালিক। দেশের মালিক হওয়ার জন্য লক্ষ মানুষের জীবন দিতে হয়েছে। সংবিধানে জনগণকে দেশের মালিকানা দেওয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী, গণফোরাম সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু, গণফোরামের প্রার্থী অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া প্রমুখ।

ঐক্যফ্রন্টের নির্বাচনী ইশতেহারে ১৪টি প্রতিশ্রুতিতে যা বলা হয়েছে, তা সংক্ষিপ্ত আকারে দেওয়া হলো-

 

১. প্রতিহিংসা জিঘাংসা নয়, জাতীয় ঐক্যই লক্ষ্য

# বিগত ১০ বছরে কল্পনাতীত স্বেচ্ছাচারিতা ও পুলিশকে দলীয় ক্যাডার হিসেবে ব্যবহার করে হাজার হাজার মিথ্যা মামলা, গুম, খুন, ঘুষ বাণিজ্য ও বিচারবহির্ভূত হত্যায় লক্ষ পরিবার ক্ষুব্ধ ও বিপর্যস্ত। এই সমস্যার সমাধান করে সামাজিক শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজকর্মীও আইনজীবী সমন্বিত সর্বদলীয় সত্যানুসন্ধান ও বিভেদ নিরসন কমিশন গঠন করে রাজনৈতিক প্রতিপক্ষের অতীতের হয়রানি মামলা সূরাহার লক্ষ্যে খোলা মনে আলোচনা করে ক্ষমা ও ক্ষতিপূরণের মাধ্যমে সমস্যার সমাধান করা হবে।

# সকল জাতীয় বীরদের মুক্তিযুদ্ধের ইতিহাস স্কুল, কলেজে পড়ানো হবে এবং বিশ্ববিদ্যালয়ে গবেষণা করা হবে।

# পুনরায় যাতে একদলীয় শাসন পুন:জন্ম না হয় সে ব্যবস্থা নিশ্চিত করা।

 

২. নাগরিকদের জীবনের নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতা

# বিচার বহির্ভূত হত্যাকান্ড ও ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা হবে

# রিমান্ডের নামে নির্যাতন ও সাদা পোশাকে গ্রেফতার বন্ধ করা হবে।

# মামলাজট কমানোর জন্য উচ্চআদালতের বাৎসরিক ছুটি ৬ সপ্তাহ করা।

# যুদ্ধপরাধীদের বিচার কার্যক্রম চলমান রাখা সহ সংখ্যালঘু মন্ত্রণালয় প্রতিষ্ঠার কথা বলা হয়।

 

৩. ক্ষমতার ভারসাম্য

# নির্বাচনকালীন সরকারের বিধান রেখে নির্বাচন কমিশনকে পূর্ণাঙ্গ স্বাধীনতা প্রদান করার পাশাপাশি সবার সাথে আলোচনা করে সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করা হবে।

# একটানা দুই মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান সহ সংসদের ডেপুটি স্পিকার বিরোধীদল থেকে নির্বাচিত করা হবে।

# সংসদীয় স্থায়ী কমিটিতে উল্লেখযোগ্য সংখ্যক সভাপতি পদ প্রতিনিধিত্বকারী রাজনৈতিক বিরোধীদলের জন্য নির্দিষ্ট থাকবে এবং ন্যায়পাল নিয়োগে বিরোধী দলের মতামতকে গুরত্ব দেওয়া হবে।

# সবধরনের নিয়োগের জন্য বিরোধী দলীয় সাংসদ ও বিশিষ্ট নাগরিকদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে।

# সংসদ নির্বাচনে রাজনৈতিক দলগুলোর জন্য ২০ শতাংশ নারী সদস্য মনোনয়নের বাধ্যবাধকতা সহ সংরক্ষিত মহিলা আসন ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হবে।

 

৪. ক্ষমতার বিকেন্দ্রীকরণ

# ৫ বছরে কমপক্ষে ৩০% বাজেট স্থানীয় সরকারের মাধ্যমে ব্যয় করা।

# জনগণের প্রত্যক্ষ ভোটে জেলা পরিষদ নির্বাচন করা।

# পৌর এলাকায় সিটি গভর্ণমেন্ট চালু করা।

 

৫. দুর্নীতি দমন ও সুশাসন

# বর্তমান সরকারের আমলের দুর্নীতির তদন্ত করে তা বিচারের আওতায় আনা হবে।

# দুর্নীতিবাজ সরকাির কর্মকর্তা গ্রেফতারে সরকারের অনুমতির নেওয়ার বিধান বাতিল করা হবে।

# বর্তমানে চলমান কোন উন্নয়ন প্রকল্প বন্ধ করা হবে না, তবে বর্তমান সরকারের শেষ ২ বছরে তড়িঘড়ি করে নেওয়া প্রকল্পগুলো পুনর্বিবেচনা করা হবে।

# ব্যাংকিং সেক্টরে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

# সরকারি মদদে শেয়ার বাজার লুটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

# ভিনদেশি সাংস্কৃতিক আগ্রাসন থেকে রক্ষার দৃঢ় ব্যবস্থা নেওয়া হবে এবং দেশীয় সংস্কৃতি প্রসারে উদ্দ্যোগ নেওয়া হবে।

 

৬. কর্মসংস্থান ও শিক্ষা

# পুলিশ ও সামরিক বাহিনী ব্যতীত সরকারি চাকুরিতে কোন বয়সসীমা থাকবেনা।

# শুধুমাত্র অনগ্রসর জনগোষ্ঠী ও প্রতিবন্ধীদের জন্য কোটা থাকবে।

# ত্রিশোর্ধ্ব শিক্ষিত বেকারদের জন্য ভাতার ব্যবস্থা থাকবে।

# আগামী ৩ বছরের মধ্যে সকল সরকারি শূন্য পদে নিয়োগ সম্পন্ন হবে।

# ওয়ার্ক পারমিটবিহীন সকল বিদেশী নাগরিকদের কর্মসুযোগ বন্ধ করা হবে।

# পিএসসি ও জেএসসি পরীক্ষা বাতিল করা হবে।

# পাবলিক বিশ্ববিদ্যালয়ে সমন্বিত ভর্তি পরীক্ষা চালু করা হবে।

# মোবাইল ইন্টারনেট খরচ অর্ধেকে নামিয়ে আনা হবে।

# প্রথম বছর থেকেই ডাকসু সহ সকল ছাত্র সংসদ নির্বাচন নিশ্চিত করা হবে।

 

৭. স্বাস্থ্য

# সকল জেলায় মেডিকেল কলেজ স্থাপন পূর্বক ৫০০ শয্যার হাসপাতাল স্থাপন করা হবে।

# সকল ইন্টার্ন চিকিৎসকদের এক বৎসর ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হবে।

# তিন মাসের মধ্যে ঔষধ ও ডায়গনস্টিক পরীক্ষার সকল খরচ উল্লেখযোগ্য হারে কমানো হবে।

# সকল নাগরিককে স্থাস্থ্য কার্ড প্রদান করা হবে।

 

৮. জীবন যাত্রার মানোন্নয়ন

# দুবছরের মধ্যে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার টাকা করা হবে।

#  শ্রমিক ও ক্ষেত মজুরসহ গ্রাম ওশহরের দরিদ্র জনগোষ্ঠীর জন্য সুলভ মূল্য রেশনিং চালু করা হবে।

# জলমহাল ও হাওরের ইজারা বাতিল করে মৎসজীবী ও দরিদ্র জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

# পুর্নবাসন ছাড়া শহরের বস্তিবাসী ও হকারদের উচ্ছেদ করা হবে না।

# সরকারি পর্যায়ে কর্মজীবী নারীদের সুবিধার জন্য পর্যাপ্ত ডে কেয়ার সেন্টার স্থাপন করা হবে।

# মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রনয়নের মাধ্যেমে মুক্তিযোদ্ধাদের ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধি করা হবে।

# এক বছরের মধ্যে মানুষকে ভেজাল ও রাসায়সিক মুক্ত নিরাপদ খাদ্য পাবার নিশ্চয়তা দেওয়া হবে।

 

৯. বিদ্যৎ ও জ্বালানী

# প্রথম বছর বিদ্যুৎ ও গ্যাসের দাম বাড়ানো হবে না

 

১০. প্রবাসী কল্যাণ

# প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা হবে।

# ইউরোপ, জাপানসহ এশিয়ার বিভিন্ন দেশে শ্রমশক্তি রফতানির জন্য নতুন নতুন বাজার খুঁজে বের করা হবে।

# প্রবাসী কর্মীর মৃত্যুর ক্ষেত্রে মরদেহ সম্পূর্ন সরকারি ব্যবস্থাপনায় দেশে আনা হবে এবং বাড়িতে পৌঁছে দেওয়া হবে।

 

১১. নিরাপদ সড়ক এবং পরিবহন

# নিরাপদ সড়ক আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপরে নৃশংস হামলা কারীদের দ্রুত বিচারের আওতায় আনা হবে।

# শহরে গণ পরিবহনকে প্রাধান্য দিয়ে পরিবহন নীতি প্রণয়ন করা হবে এবং মানুষের জন্য আরামদায়ক গণপরিবহনের ব্যবস্থা করা হবে।

# রেলখাতকে অত্যন্ত গুরুত্ব দিয়ে সম্প্রসারণ করা হবে।

 

১২. প্রতিরক্ষা ও পুলিশ

# প্রতিরক্ষা বাহিনীর জন্য প্রয়োজনীয় যুদ্ধাস্ত্র এবং অন্যান্য সব সরঞ্জাম অগ্রাধিকার ভিত্তিতে কেনা হবে।

# পুলিশের ঝুঁকিভাতা বৃদ্ধি করা হবে, জাতিসংঘ বাহিনীতে পুলিশের অংশগ্রহণ বৃদ্ধির ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

১৩. পররাষ্ট্র নীতি

# সমতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক আরো শক্তিশালী করা হবে।

# চীনের ‌’ওয়ান বেল্ট ওয়ান রোড’ প্রকল্পে যে সকল প্রকল্প বাংলাদেশের জন্য লাভজনক সে গুলোতে যুক্ত হবে।

# তিস্তাসহ অভিন্ন নদীর পানি বন্টন ও রোহিঙ্গা সমস্যার দ্রুত সমাধান করা হবে।

 

১৪. জলবায়ু পরিবর্তন

# জলবায়ু পরিবর্তনের সাথে অভিযোজন এবং এর ক্ষতিকর প্রভাব রোধ করার জন্য বাংলাদেশ আরো বেশি আন্তর্জাতিক সাহায্য নিশ্চিত করবে।

 

-রানশু

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension