
ধানের শীষের পক্ষে জার্মান বিএনপির প্রচারণা
রূপসী বাংলা প্রবাস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রদানে আহ্বান জানিয়ে বিএনপি জার্মান শাখার উদ্যোগে শুক্রবার ফ্রাংকফুর্ট শহরের সালবাউ গ্রীসহাইমে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জার্মান বিএনপি’র সভাপতি দেওয়ান শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাসুদ রেজার সঞ্চালনায় বক্তাগণ ধানের শীষ প্রতীককে মুক্তির প্রতীক, মুক্তিযুদ্ধের প্রতীক এবং মুক্তিযাদ্ধাদের প্রতীক আখ্যায়িত করে বলেন, এই নির্বাচন দেশের মানুষের জন্য একটি চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ হচ্ছে গণতন্ত্র রক্ষা করার চ্যালেঞ্জ। শত প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তারা ভোট দিতে আসবে। জনগণ আজ জেগে উঠেছে, তারা ৩০ তারিখ ভোট বিপ্লব ঘটাবে। আপনারা দেশের মালিকানা বুঝে নিতে আপনার রায় দিতে ভোটকেন্দ্রে আসুন। সবাই মিলে ভোট পাহারা দেন। বিজয়ের এই মাসে দেশের কল্যাণে ভোট রক্ষা করা আমাদের পবিত্র আমানত।
নেতৃবৃন্দ বলেন, ‘নির্বাচন কমিশন সরকারের পক্ষ হয়ে কাজ করছে। এটা এখন জনগণের কাছে প্রমাণিত হয়ে গেছে যে, তারা সরকারের পরিকল্পনা অনুযায়ী একটি কারচুপির নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছে। ইসি চাচ্ছে না যে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, আপনারা দেশের সন্তান। দেশের প্রতিও আপনাদের দায়িত্ব আছে। এতোদিন সরকারের চাপে যা করেছেন এখন সময় এসেছে সিদ্ধান্ত গ্রহণের। দেশের কল্যাণের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে সহযোগিতা করুন। দেশ আপনাদের অবদান স্মরণ করবে।

মাসুদ রেজা বলেন, বেগম খালেদা জিয়ার হাতে লালিত ধানের শীষ অপামর জনগণের প্রতীক। তাই এর সন্মান রক্ষা করা সকলের দায়িত্ব। গণতন্ত্র, ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, বাক স্বাধীনতা, সামাজিক ন্যায় বিচার ও আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠা করার জন্যই ধানের শীষকে বিজয়ী করতে হবে। বেগম খালেদা জিয়াকে জালিমের কারাগার থেকে মুক্ত করতে হলে ধানের শীষকে বিজয়ী করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, মিজানুর রহমান ফিরুজ, মহিউদ্দিন চৌধুরী, মোজান্মেল হক, সেলিম ব্যাপারী চঞ্চল, আনিসুর রহমান শামীম, জুয়েল খান, শাখাওয়াত হোসেন সোহাগ, কাউসার শামীম, মঞ্জু সরকার, সেলিম রেজা, দেলোয়ার হোসেন ঝন্টু, আসিফ ইকবাল ভূঁইয়া, নিয়াজ হাবিব, আলী বাবু, রিয়াদ খন্দকার, নিজাম উদ্দিন প্রমুখ।



