
প্রধান খবরবাংলাদেশ
নির্বাচনী সংঘর্ষে সারাদেশে ১৪ জন নিহত
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: নির্বাচনী সংঘর্ষে সারা দেশে শেষ খবর পাওয়া পর্যন্ত মোট ১৪ জন মারা গেছেন। ২৯ ডিসেম্বর শনিবার দিবাগত রাত আড়াইটা থেকে রোববার ভোট গ্রহণের সময় পর্যন্ত এসব সংঘর্ষের ঘটনা ঘটে।
শনিবার রাতে রাঙামাটিতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জেরে রোববার সকালে ভোট কেন্দ্রে যাওয়ার পথে হামলা হয় স্থানীয় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক বশির উদ্দিনের ওপর। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
কক্সবাজারে পিটিয়ে হত্যা করা হয়েছে এক ছাত্রলীগ কর্মীকে। আওয়ামী লীগ নেতা-কর্মীদের অভিযোগ, রোববার সকাল ১০টার দিকে কক্সবাজার-১ আসনের পেকুয়ায় মাধবপুর কেন্দ্রের পাশে তাদের কর্মী আব্দুল্লাহ আল ফারুককে পেটায় ছাত্রদল কর্মীরা। এতে ঘটনাস্থলেই মারা যান ফারুক।
কক্সবাজারের পটিয়া উপজেলার ঝিরি এলাকায় আওয়ামী লীগ ও বিএনপির কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষে আবু সাদেক নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি ইসলামী ছাত্রসেনার সদস্য। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
চট্টগ্রামের বাঁশখালীর কাঠারিয়া ইউনিয়নের বড়ইতলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে গতকাল শনিবার মধ্যরাত আড়াইটা থেকে তিনটার মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে একপক্ষে ছিল জাতীয় পার্টি, জামায়াত ও বিএনপির জোট এবং আরেক পক্ষে ছিল আওয়ামী লীগ। সংঘর্ষ থামাতে পুলিশ ঘটনাস্থলে যায়। এ সময় দুই পক্ষই পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়। সংঘর্ষে আহমেদ কবির নামের একজন গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান। এ সময় পুলিশের দুটি অস্ত্র খোয়া যায়।
এছাড়া ব্রাহ্মণবাড়িয়া সদরে গুলিতে মারা গেছেন ইসরাঈল মিয়া নামে একজন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
কুমিল্লার লাঙ্গলকোটে দু’পক্ষের সংঘর্ষে মারা গেছেন বাচ্চু মিয়া (পিতার নাম ইদ্রিস মিয়া) নামে একজন। তার গ্রামের বাড়ি লাঙ্গলকোটের সুন্দাইল গ্রামে।
অপরদিকে কুমিল্লার চান্দিনার হাড়িখোলায় ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার সময় আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে মারা গেছেন মুজিব (৩৫) নামের এক ব্যক্তি। তার বিস্তারিত পরিচয় পাওয়া যায় নি।
বগুড়ার কাহালুতে একটি ভোটকেন্দ্রের সামনে সংঘর্ষে আজিজুল নামের এক যুবলীগ নেতা নিহত হয়েছেন। তিনি পায়কর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি। আজিজুলের পরিচয় নিশ্চিত করেছেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম।
বেলা ১১টার দিকে কাহালুর বাগুইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের সামনে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত অবস্থায় যুবলীগ নেতা আজিজুলকে টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। এই ঘটনায় গুরুতর আহত যুবলীগের আরেক নেতা নাজমুল হুদা জুয়েলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজিজুলের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কাহালু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত কবীর।
নরসিংদী জেলার শিবপুরের কুন্দারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে নিহত হয়েছেন মিলন মিয়া (৫৫) নামের এ ব্যক্তি নিহত হয়েছেন। তিনি নৌকা প্রতীকের পোলিং এজেন্ট বলে জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শফিউর রহমান।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে ভোটকেন্দ্র দখল নেয়াকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির হামলায় মোদাচ্ছের আলী (৪০) নামে আরও এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রোববার দুপুর একটার দিকে তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মদপুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
নিহত মোদাচ্ছের আলী মোহাম্মদপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। তিনি পাঁচন্দর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। ওই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোরশেদ আলী মৃধা জানান, ঘটনার পরে ভোট গ্রহণ স্থগিত আছে।
জেলা পুলিশের মুখপাত্র সহকারি পুলিশ সুপার আবদুর রাজ্জাক খান জানান, মোদাচ্ছের আলী ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। ওই সময় হঠাৎ করেই জামায়াত-বিএনপির নেতাকর্মীরা লাঠি ও হকিস্টিক নিয়ে হামলা চালায়। হামলাকারীরা ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারদের এলোপাথাড়ি মারতে থাকে। এ সময় লাঠির আঘাতে মোদাচ্ছের আলী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়।
এ ঘটনার পরে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। পরিস্থিত নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা।
এদিকে তানোরে উপজেলা সদরের তানোর বালিকা উচ্চবিদ্যালয় ও তানোর পাইলট উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র দখলকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ বাধে। দুপুর সাড়ে ১২টার দিকে এই ঘটনায় পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ গুলি ও টিয়ার শেল ছুঁড়ে বিশৃংখলাকারীদের ছত্রভঙ্গ করে দেয়। এ ঘটনায় ১ জন নিহত ও অন্তত: ৫ জন আহত হয়েছেন।
এর আগে বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহীর মোহনপুর উপজেলায় মেরাজুল ইসলাম (২২) নামে এক আওয়ামী লীগ কর্মীকে পিটিয়ে হত্যা করা হয়। উপজেলার পাইকপাড়া পাকুড়িয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রের সামানে এ ঘটনা ঘটে। নিহত মেরাজুল পাকুড়িয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
এ ব্যাপারে রাজশাহীর পুলিশ সুপার মো. শহীদুল্লাহ জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে সম্পৃক্তদের আটকের জন্য অভিযান শুরু করেছে পুলিশ।
এদিকে নাটোরের নলডাঙ্গা উপজেলার সমসখলসী গ্রামে ভোট দেওয়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে নিহত হন তার চাচা হোসেন আলী (৫৫)।
সিলেট-৩ আসনের বালাগঞ্জে গুলিতে নিহত হয়েছেন সায়েম আহমেদ সোহেল নামের এক ছাত্রদল নেতা।



