
সাহিত্য
আজ কথাসাহিত্যে আধুনিকতার পথিকৃৎ শওকত ওসমানের জন্মবার্ষিকী
রূপসী বাংলা ঢাকা ডেস্ক: দেশের আজ কথাসাহিত্যে আধুনিকতার পথিকৃৎ শিক্ষাবিদ শওকত ওসমানের ১০২তম জন্মবার্ষিকী। ‘অগ্রবর্তী আধুনিক মানুষ’ শওকত ওসমানের পিতার দেওয়া নাম শেখ আজিজুর রহমান। তবে শওকত ওসমান নামেই তিনি সকলের কাছে পরিচিত। তিনি ছিলেন অসাম্প্রদায়িক, মুক্তচিন্তার ধারক। সমাজ সচেতনতা আর ব্যঙ্গ-বিদ্রূপে তার গল্প-উপন্যাস প্রখর জীবনবাদী।
শওকত ওসমানের জন্ম ১৯১৭ সালের ২ জানুয়ারি পশ্চিমবঙ্গের হুগলী জেলার সবল সিংহপুর গ্রামে। পিতা শেখ মোহাম্মদ এহিয়া, মাতা গুলজান বেগম। তিনি পড়াশোনা করেছেন মক্তব, মাদ্রাসা, কলেজ ও কোলকাতা বিশ্ববিদ্যালয়ে। কোলকাতার আলিয়া মাদ্রাসায় পড়ালেখা শুরু করলেও পরবর্তীকালে সেন্ট জেভিয়ার্স কলেজ ও অর্থনীতি বিষয়ে কোলকাতা বিশ্ববিদ্যালয়ে স্নাতক ডিগ্রি সম্পন্ন করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি লাভ করেন। আইএ পাস করার পর তিনি কিছুদিন কোলকাতা করপোরেশন এবং বাংলা সরকারের তথ্য বিভাগে চাকরি করেন। এমএ পাস করার পর ১৯৪১ সালে তিনি কলকাতার গভর্নমেন্ট কমার্শিয়াল কলেজে লেকচারার পদে নিযুক্ত হন। ১৯৪৭ সালে তিনি চট্টগ্রাম কলেজ অফ কমার্সে যোগ দেন এবং ১৯৫৮ সাল থেকে ঢাকা কলেজে অধ্যাপনা করেন এবং ১৯৭২ সালে স্বেচ্ছায় অবসরে যান। চাকরি জীবনের প্রথমদিকে কিছুদিন তিনি ‘কৃষক’ পত্রিকায় সাংবাদিকতাও করেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পর তিনি চলে আসেন তৎকালীণ পূর্ববঙ্গে।
ছাত্রজীবনেই পিতার দেওয়া নাম শেখ আজিজুর রহমান বাদ দিয়ে সাহিত্যিক হিসেবে শওকত ওসমান নামে তার আত্মপ্রকাশ ঘটে। সাহিত্যকর্মে অবদানের জন্য আদমজী সাহিত্য পুরস্কার (১৯৬২), বাংলা একাডেমি পুরস্কার (১৯৬৬), প্রেসিডেন্ট প্রাইড অব পারফরম্যান্স পদক (১৯৭৬), একুশে পদক (১৯৮৩), স্বাধীনতা দিবস পুরস্কারসহ (১৯৯৭) বহু পুরস্কার পান।
তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ-উপন্যাস : বনি আদম, জননী, ক্রীতদাসের হাসি, চৌরসন্ধি, সমাগম, জাহান্নাম হইতে বিদায়, রাজা উপাখ্যান, রাজসাক্ষী, দুই সৈনিক।
গল্পগ্রন্থ : জুনু আপা ও অন্যান্য গল্প, পিঁজরাপোল সাবেকি কাহিনী, প্রান্ত ফলক, জন্ম যদি তব বঙ্গে, মনিব ও তাহার কুকুর অন্যতম।
নাটক : আমলার মামলা, তস্কর ও লস্কর, বাগদাদের কবি, পূর্ণ স্বাধীনতা চূর্ণ স্বাধীনতা ইত্যাদি।
প্রবন্ধ : সমুদ্র নদী সমর্পিত, সংস্কৃতির চড়াই উৎরাই, মুসলিম মানসের রূপান্তর, ভাব ভাষা ভাবনা ইত্যাদি।
তাঁর আত্মজীবনী রাহনামা, স্মৃতিকথা দুই খণ্ডে মুজিবনগর ও উত্তর পর্ব মুজিবনগর ইতিহাসের বহু ঘটনার দলিল।
১৯৭৫ সালে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তিনি প্রায় পাঁচ বছর কোলকাতায় স্বেচ্ছানির্বাসনে ছিলেন। ১৯৯৮ সালের ১৪ মে তিনি ঢাকায় মারা যান। ১৯৯৮ সালের ২৯ মার্চ সেরিব্রাল অ্যাটাকে আক্রান্ত হন আমৃত্যু স্বৈরাচার, মৌলবাদের বিরুদ্ধে সংগ্রামকারী শওকত ওসমান। ওই বছরই ১৪ মে তিনি পৃথিবী থেকে চিরবিদায় নেন।



