প্রধান খবরসাহিত্য

এবারের অমর একুশে গ্রন্থমেলা উদ্বোধনে সম্মানিত অতিথি শঙ্খ ঘোষ

এবারের অমর একুশে গ্রন্থমেলায় উদ্বোধনে এবার সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কবি ও সাহিত্য সমালোচক শঙ্খ ঘোষ।

তথ্য মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে। বর্ষীয়ান কবি এই অনুষ্ঠানের আমন্ত্রণ গ্রহণ করেছেন। রাষ্ট্রভাষা আন্দোলনের ঐতিহ্য হিসেবে পরিচিত অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনে প্রতি বছর একজন বিশিষ্ট ব্যক্তিকে সম্মানিত অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়। শঙ্খ ঘোষের ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে, সুস্থ থাকলে এবার ঢাকায় একুশে বইমেলার উদ্বোধনে তিনি উপস্থিত থাকবেন। মাসব্যাপী চলা এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশিষ্ট রবীন্দ্র বিশেষজ্ঞ শঙ্খ ঘোষের জন্ম চাঁদপুরে, ১৯৩২ সালের ৫ ফেব্রুয়ারি। তাঁর প্রকৃত নাম চিত্তপ্রিয় ঘোষ। শঙ্খ ঘোষ নামেই তিনি সমধিক পরিচিত। তিনি দীর্ঘদিন যাদবপুর, দিল্লি ও বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে বাংলা সাহিত্যের অধ্যাপনা করেছেন। ‘বাবরের প্রার্থনা’ কাব্যগ্রন্থটির জন্য তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ সম্মান ‘সাহিত্য একাডেমি পুরস্কার’ লাভ করেন। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থগুলো হল, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, এ আমির আবরণ, উর্বশীর হাসি, ওকাম্পোর রবীন্দ্রনাথ ইত্যাদি। সাহিত্যের ক্ষেত্র ছাড়াও বিভিন্ন সামাজিক রাজনৈতিক ঘটনায় নিয়মিত প্রতিক্রিয়া জানানো ও পথে নামার মধ্য দিয়ে শঙ্খ ঘোষ আজও পশ্চিমবঙ্গের বাঙালির বিবেকের ভূমিকায় নিজেকে প্রতিষ্ঠিত করে রেখেছেন।

এই সময়টাকে সবদিক দিয়ে সর্বার্থে জড়িয়ে আছেন তিনি। তাঁরই কথায়, ‘শিকড় দিয়ে আঁকড়ে’ আছেন। তাই কবি শঙ্খ ঘোষের কোনও বিশেষ পরিচয় হয় না। তাঁর অস্তিত্বই তাঁর পরিচয়। বাংলা কবিতায় প্রায় ষাট বছর ধরে তিনি তৈরি করে নিয়েছেন এমন এক পথ, যে পথে স্বল্প যাত্রী, যে পথে সামান্য আলো জ্বলে। সমালোচনায় নিয়ে এসেছেন সর্বজনবোধ্য এক জ্ঞানচর্চার দিশা। সংক্রামকভাবে বারবার সাড়া দিয়েছেন সংকট সময়ে।

তাঁর প্রধান প্রধান কাব্যগ্রন্থ ও অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে, আদিম লতা গুল্মময়, মুর্খ বড়, সামাজিক নয়, কবির অভিপ্রায়, মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, বাবরের প্রার্থনা, এ আমির আবরণ, জার্নাল, লাইনেই ছিলাম বাবা, ধূম লেগেছে হৃৎকমলে, গান্ধর্ব কবিতাগুচ্ছ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension