খেলা

শামি-কুলদীপদের দাপটে সস্তায় গুটিয়ে গেল কিউয়িরা

রূপসী বাংলা স্পোর্টস ডেস্ক : অস্ট্রেলিয়া সফর যেখানে শেষ হয়েছিল, নিউজিল্যান্ড সফর সেখান থেকেই শুরু করলেন কোহলিরা। সিরিজ শুরুর আগে নানা পারমুটেশন-কম্বিনেশনে ভারত-নিউজিল্যান্ড সিরিজে এক তুল্যমূল্য লড়াইয়ের আভাস দিয়েছিলেন বিশেষজ্ঞরা। অন্তত সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচের প্রথম ইনিংস ইঙ্গিত দিচ্ছে খানিকটা আলাদা। নেপিয়ারে প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের দাপটে কেন উইলিয়ামসন ছাড়া সেভাবে মাথা তুলতে পারলেন না কোনও কিউয়ি ব্যাটসম্যানই। মহম্মদ শামি-কুলদীপ যাদবদের দাপটে মাত্র ১৫৭ রানে গুটিয়ে গেল নিউজিল্যান্ডের ইনিংস।

নেপিয়ারের ব্যাটিং সহায়ক পিচে এদিন টস ভাগ্য সঙ্গ দেয়নি বিরাটকে। তবে প্রথমে ব্যাট করে ভারতকে বড় রানের টার্গেট ছুঁড়ে দেওয়ার যে লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল কিউয়িরা, দ্বিতীয় ওভার থেকেই সেই স্বপ্ন ফিকে হতে থাকে একটু-একটু করে। নিউজিল্যান্ড ইনিংসের দ্বিতীয় তথা নিজের প্রথম ওভারেই মার্টিন গাপতিলকে প্যাভিলিয়নে ফেরান মহম্মদ শামি। কিউয়ি ইনিংসের পতনের শুরু সেখানেই। বঙ্গ পেসারের ডেলিভারিতে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন গাপতিল।

দ্বিতীয় ওভারে নিউজিল্যান্ড ইনিংসে দ্বিতীয় আঘাতটি হানেন সেই সামি। এবার তাঁর ডেলিভারি বুঝে উঠতে পারেননি আরেক ওপেনার কলিন মুনরো। এরপর অধিনায়ক কেন উইলিয়ামসনের সঙ্গে জুটি বাঁধেন ২০১৮ দুর্দান্ত মরশুম কাটানো রস টেলর। ক্রিজে খানিক থিতু হতেই ব্যক্তিগত ২৪ রানে চাহালের শিকার হন টেলর। অধিনায়ক ছাড়া ভারতীয় বোলারদের সামনে ক্রিজে বেশিক্ষণ সময় কাটানোর সাহস দেখাতে পারেননি কোনও কিউয়ি ব্যাটসম্যানই।

শামির প্রাথমিক আঘাতে ভেঙে পড়া ব্যাটিং লাইন আপকে উইলিয়ামসন ছাড়া ভরসা জোগাতে পারেননি কেউই। পরবর্তীতে শামির সঙ্গে কিউয়ি ব্যাটিং মেরুদন্ড ভাঙার কাজে লেগে পড়েন দুই স্পিনার চাহাল ও কুলদীপ। একদিকে যখন ক্রিজ আঁকড়ে পড়ে থেকে অর্ধশতরানের দিকে এগিয়ে যান উলিয়ামসন, অন্যদিকে তখন আয়ারাম-গয়ারাম বাকি নিউজিল্যান্ড ব্যাটসম্যানরা। ম্যাকলিন পার্কের ব্যাটিং সহায়ক উইকেটে নিউজিল্যান্ডের কোনও পার্টনারশিপই লম্বা হতে দিলেন না ভারতীয় বোলাররা।

নিজে অর্ধশতরান পূর্ণ করলেও পুরো ইনিংস জুড়ে সঙ্গীহীনতায় ভুগে গেলেন কিউয়ি অধিনায়ক। অন্যদিকে বিষাক্ত স্পিনের ছোবলে কিউয়ি ব্যাটিং লাইন আপে কাঁপুনি ধরিয়ে দিলেন চায়নাম্যান কুলদীপ যাদব। মেন ইন ব্লু বোলারদের দাপটে তাসের ঘরের মত ভেঙে পড়ে ল্যাথাম-নিকোলস সমৃদ্ধ নিউজিল্যান্ডের স্ট্রং মিডল অর্ডার।

দলীয় ১৪৬ রানে মাথায় সর্বোচ্চ ৬৪ রান করে উইলিয়ামসন প্যাভিলিয়নে ফিরতেই তাড়াতাড়ি গুটিয়ে যায় ব্ল্যাক ক্যাপসদের ইনিংস। কুলদীপের ডেলিভারিতে শংকরের হাতে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক। ৩৮ ওভারে মাত্র ১৫৭ রানেই যবনিকা পড়ে নিউজিল্যান্ড ইনিংসে। ভারতের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট নেন চায়নাম্যান কুলদীপ যাদব। তাঁর ধারাবাহিক দুর্দান্ত ফর্ম অব্যাহত। শামির ঝুলিতে আসে তিনটি উইকেট। দ্রুততম ভারতীয় বোলার হিসেবে একদিনের ক্রিকেটে এদিন শততম উইকেটের মালিক হন এই বঙ্গ পেসার। চাহাল দু’টি এবং কেদার যাদব একটি উইকেট নিয়ে কিউয়িদের পতন নিশ্চিত করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension