
সেন্সর বোর্ডকে ধমকালো কোর্ট
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বোম্বে হাইকোর্টের রোষের মুখে পড়তে হল ভারতীয় সেন্সর বোর্ডকে। শিশুদের জন্য নির্মিত ‘চিড়িয়াখানা’ নামের একটি ছবিকে ‘ইউ’ সার্টিফিকেট দিতে অনিচ্ছা প্রকাশ করায় শনিবার সেন্সর বোর্ডকে ধমক দিয়ে হাইকোর্ট স্পষ্ট জানিয়ে দেয়, মানুষ কী দেখবেন তা তারাই ঠিক করবেন। বোর্ডের কোনো অধিকার নেই মানুষের হয়ে সিদ্ধান্ত নেয়ার। সেন্সর বোর্ড উটপাখি নাকি!
এদিন বিচারপতি এস সি ধর্মাধিকারি এবং গৌতম প্যাটেলের ডিভিশন বেঞ্চ ভারতীয় সেন্সর বোর্ডের কড়া সমালোচনা করে বলে, সেন্সর বোর্ডের ভূমিকায় আমূল পরিবর্তনের সময় এসেছে। বোর্ডের ভ্রান্ত ধারণা তৈরি হয়েছে যে, তাদের ছাড়া আর কারও কোনো বোধবুদ্ধি নেই। তাই সবার হয়ে সিদ্ধান্ত সেন্সর বোর্ড নেবে।
এর আগে ‘চিড়িয়াখানা’ ছবির সার্টিফিকেশন সমস্যা নিয়ে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল চিলড্রেনস ফিল্ম সোসাইটি, ইন্ডিয়া। সেই মামলারই শুনানিতে ভারতীয় সেন্সর বোর্ডের কড়া নিন্দা করে এই রায় দেয় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।



