
দীপিকার চোখে ইনফেকশন, খবর শুনে ভক্তরা কী করলেন
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: বলিউডের ডিভা বলতেই উঠে আসে দীপিকা পাডুকোনের নাম। অভিনয় থেকে ফ্যাশন জগৎ, সর্বত্রই শীর্ষে তিনি। সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে তিনি ফের একবার মুগ্ধ করেছেন তাঁর ভক্তদের। ফ্রিডা কাহলোর আদলে দীপিকার সাজ এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সব কিছু ভালই চলছিল। এরই মধ্যে চোখে ইনফেকশনের শিকার হয়েছেন তিনি।
এক সর্বভারতীয় সংবাদমাধ্য়মের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, মুম্বই ফিরেই চোখে ইনফেকশন বাধিয়ে বসেছেন তিনি। মুম্বই বিমানবন্দরে দীপিকাকে একটি কালো জগার্স ও ক্রপ টপের সঙ্গে সোনালি জ্যাকেটে দেখা যায়। পায়ে ছিল কালো স্নিকার্স। নজর কাড়ছিল তাঁর গলায় সোনার চেন। কিন্তু চোখে কালো চশমা ছিল। বিমানবন্দরেই বোঝা যায়, দীপিকার চোখে ইনফেকশন হয়েছে। এই খবর প্রকাশ্যে আসতেই দীপিকাকে সুস্থ হওয়ার বার্তা পাঠাতে থাকেন তাঁর ভক্তরা।
সম্প্রতি প্যারিস ফ্যাশন উইকে একটি বোহো প্রিন্টের গাউন পরেছিলেন। একই সঙ্গে ফ্রিডা কাহলোর আদলে ছিল একটি হেডব্যান্ড। গলায় সোনার চেন, চোখে সানগ্লাস ও হাতে ব্যাগ ছিল নজর কাড়া। আইফা অ্যাওয়ার্ডেও দীপিকার সাজ ছিল আকর্ষণীয়। বেগুনি রংয়ের বিরাট লম্বা গাউনে আইফা অ্যাওয়ার্ডের মধ্যমণি ছিলেন দীপিকাই।
প্রসঙ্গত, দীপিকার শেষ মুক্তিপ্রাপ্ত ছবি পদ্মাবৎ। সম্প্রতি তিনি মেঘনা গুলজার পরিচালিত ছপক ছবির শ্যুটিং শেষ করেছেন। অ্যাসিড আক্রান্ত লক্ষ্মী আগরওয়ালের বায়োপিকে তিনি অভিনয় করছেন। এছাড়া কপিল দেবের বায়োপিক ৮৩ ছবিতে রণবীর সিং-এর বিপরীতে অভিনয় করছেন দীপিকা। খুব শীঘ্রই এই ছবি মুক্তি পাবে।



