
গান্ধী জয়ন্তীতেই স্বচ্ছ ভারত গড়ার ডাক দিলেন সলমন
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: গান্ধী জয়ন্তীর দিনই স্বচ্ছ ভারত গড়ার বার্তা দিলেন অভিনেতা সলমন খান। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে গান্ধী জয়ন্তী উপলক্ষে একটি ভিডিও পোস্ট করেন সলমন। সেখানেই ভক্তদের উদ্দেশে এই বার্তা দেন সলমন।
ভিডিওয় সলমন বলেন, ২ অক্টোবর গান্ধী জয়ন্তী। এই দিনটা আনন্দ করে কাটান। গান্ধীজি আমাদের জাতির জনক। আর তার সঙ্গে একটু ফিট ইন্ডিয়ার দিকে নজর দিন আর ভারতকে স্বচ্ছ রাখুন। স্বচ্ছ ভারত, স্বচ্ছ ভারতীয়, ফিট ইন্ডিয়া।
এই ভিডিও শেয়ার করে তার ক্যাপশনে সলমন লেখেন, গান্ধী জয়ন্তীর এই শুভক্ষণে ভাই বার্তা দিতে বললেন, আর চুলবুল পাণ্ডে প্রস্তুত। সলমনের এই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়।
এবছরই মুক্তি পায় তাঁর ছবি ভারত। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি বক্স অফিসে ভাল ব্যবসা করেছে। এই মুহূর্তে সলমন তাঁর আসন্ন ছবি দাবাং ৩ নিয়ে ব্যস্ত। এই ছবিতেও পুলিশ চুলবুল পাণ্ডের অবতারে দেখা যাবে সল্লু ভাইকে।
এবছর এপ্রিলে মধ্য়প্রদেশের মাহেশ্বরে শ্যুটিং শুরু হয় দাবাং ৩-এর। তখনই এই ছবির শ্যুটিং-এর প্রথম লুক শেয়ার করেছিলেন তিনি। তার কিছুদিনের মধ্যে ছবিতে নিজের লুক শেয়ার করেছিলেন সলমন। দাবাং ৩-তেও সলমনের বিপরীতে দেখা যাবে সোনাক্ষী সিনহাকেই। এছাড়া রয়েছেন বিনোদ খান্নার ভাই প্রমোদ খান্না, কন্নড় অভিনেতা সুদীপ আরও অনেকে। বিনোদ খান্নার জায়গায় প্রমোদ খান্নাকে দেখা যাবে। ছবির প্রযোজনা করছেন আরবাজ খান।
সলমন এছাড়াও এই মুহূর্তে বিগবস ১৩ নিয়ে ব্যস্ত। ২৯ সেপ্টেম্বর শুরু হয়েছে বহু প্রতীক্ষীত এই রিয়্যালিটি শো। এই শোয়ের জন্যও মোটা টাকা নিচ্ছেন সলমন খান। এবারের বিগবস লোনাভালায় নয়, মুম্বইতেই হচ্ছে।



