
আলিয়ার সঙ্গে রণবীরের বিয়ের প্রসঙ্গে কী বললেন করিনা
রূপসী বাংলা বিনোদন ডেস্ক: এক সময়ে কফি উইথ করণে এসে করিনা বলেছিলেন, ক্য়াটরিনা কাইফকেই ভাইয়ের বউ হিসেবে পছন্দ। ভাই অর্থাৎ রণবীর কাপুরের সঙ্গে সেই সময়ে সম্পর্কে ছিলেন ক্যাটরিনা। কফি উইথ করণ-এ রণবীরের সঙ্গে এসে করিনা ক্যাটরিনার প্রসঙ্গ তুলেছিলেন। কিন্তু আজ সমস্তটাই বদলে গিয়েছে। এখন রণবীরের সঙ্গে সম্পর্কে রয়েছেন বলিউডেরই আর এক ডিভা, আলিয়া ভাট। এবার তাঁর প্রশংসায় পঞ্চমুখ করিনা।
সম্প্রতি মুম্বইয়ের মামি মুভি মেলায় একসঙ্গে গিয়েছিলেন করিনা ও আলিয়া। সেখানেই করণ জোহরকে আলিয়া বলেন, করিনার জব উই মেট এক বিরাট প্রভাব ফেলেছিল। এখনও সেই ছবির রেশ থেকে গিয়েছে।
এর পরেই করণ করিনাকে জিজ্ঞাসা করেন, আলিয়া যে একদিন তাঁর ভাইয়ের বউ হবেন, তিনি কি কখনও ভেবেছিলেন! উত্তরে করিনা বলেন, আলিয়া আমার ভাইয়ের বউ হলে আমি সবচেয়ে খুশি হব।
আলিয়া বলেন, সত্যি কথা বলতে আমি কখনওই ভাবিনি! আর এখনই বা কেন ভাবছি!
করিনা সম্পর্কে আলিয়া বলেন, করিনা আমায় একাধিকবার অনুপ্রাণিত করেছে। শুধুমাত্র একজন দারুণ অভিনেত্রী বলে নয়। যে ভাবে নিজের ছবি বাছে করিনা সেটাও আমার ভাল লাগে। ও কত ছবি করেছে! এখনও করছে।
তবে বিয়ের পরেও নিজের কাজ ও ব্যক্তিগত জীবনে যে ভাবে করিনা সামঞ্জস্য রাখেন, তার প্রশংসাও করেছেন আলিয়া। আলিয়া বলছেন, বিয়ে ও সন্তান হওয়ার পরেও করিনা কাজ থামায়নি। বিয়ের পরে সাধারণত কাজের গতি খুব কমে যায়। কিন্তু ওর ক্ষেত্রে এটা হয়নি। আমায় করিনা খুব অনুপ্রাণিত করে।



