
নিউ ইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত জ্যাকসন হাইটসের অতি পরিচিত মুখ, জ্যাকসন হাইটসের আড়ংয়ের মালিক এবং জেবিবিএ’র অন্যতম পরিচালক ইকবালুর রশীদ লিটন মারা গেছেন। তিনি মরণব্যাধী ক্যান্সারে আক্রান্ত ছিলেন।
গত ২০ মে সকাল ১০টা ইকবালুর রশীদ লিটনের মৃত্যু হয় (ইন্নালিল্লাহে … রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫২ বছর।
ইকবালুর রশীদ লিটনের পরিচিতরা ও বন্ধুমহল জানান, তিনি ছিলেন সদালাপি এবং বিনয়ী একজন মানুষ।
লিটন প্রায় এক বছরের বেশী সময় ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। ক্যান্সার ধরা পড়ার পর প্রথমে ম্যানহাটানের স্লো ক্যাটারিং এবং পরবর্তীতে আরেকটি ক্যান্সার হাসপাতালের অধীনে চিকিৎসাধীন ছিলেন। পরে হাসপাতালে থেকে জ্যাকসন হাইটের বাসায় চলে আসেন। তার বাবাও তার থাকতেন।
লিটনের বাবা জানান, ১৯ মে বিকেলে লিটন খুব অসুস্থ বোধ করলে প্রথমে তার নার্সকে ফোনে ডাকা হয়। পরে নার্সের পরামর্শে লিটনকে এলমহার্স্ট হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন ছিলেন। ২০ মে সকাল ১০টায় মারা যান।
ইকবালুর রশীদ লিটনের বন্ধুও স্বজনরা জানান, একজন ভাল মানুষ হিসেবে খ্যাত লিটন জ্যাকসন হাইটস ৭৩ স্ট্রিটের প্রথম দু তিন ব্যবসায়ীদের অন্যতম একজন ছিলেন। বেশ কয়েকবার জ্যাকসন হাইটস বাংলাদেশী বিজনেস এসোসিয়েশন সংগঠনে নির্বাচনও করেছিলেন। এছাড়াও তিনি এই সংগঠনটির প্রতিষ্ঠাতাদের অন্যতম এবং সক্রিয় সদস্য ছিলেন।
ইকবালুর রশীদ লিটনের মৃত্যুতে পুরো বাংলাদেশি কম্যুনিটিতে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে জ্যাকসন হাইটস বাংলাদেশি বিজনেস এসোসিয়েশনের কর্মকর্তারা।
ইকবালুর রশীদ লিটনের পরিবার জানিয়েছে, মায়ের কবরের পাশে নিজের কবরের ইচ্ছা পোষণ করেছিলেন লিটন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটি সম্ভব নয় বলে তার বাবার সিদ্ধান্তে নিউজার্সির বাংলাদেশ সোসাইটির মালবরো মুসলিম কবরস্থানে তাকে দাফন করা হবে। ⛘



