
ধর্ষণের প্রতিবাদে শাহবাগ মোড় অবরোধ
নোয়াখালীতে এক গৃহবধূ নির্যাতনসহ সারা দেশে ধর্ষণ ও নিপীড়নের ঘটনায় বিচারের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনসহ শিক্ষার্থীরা। আজ সোমবার বেলা সাড়ে ১১টা থেকে শাহবাগ মোড়ে জড়ো হয় বিক্ষোভ করছেন তাঁরা।
আজ সোমবার (৫ অক্টোবর) দুপুরে এই প্রতিবাদ কর্মসূচী শুরু হয়।
এসময় শাহবাগের সংযোগকারী সড়কগুলোতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেয় ছাত্র ইউনিয়ন ও ‘নিপীড়নের বিরুদ্ধে শাহবাগ’ প্ল্যাটফর্মের নেতাকর্মীরা।
এ সময় ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক লিটন নন্দী বলেন, “সারাদেশে একের পর এক ধর্ষণ ঘটেই চলেছে৷ সম্প্রতি সিলেটের এমসি কলেজ এবং নোয়াখালীর বেগমগঞ্জে ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা ঘটেছে।”
“দেশে বিচারহীনতার সংস্কৃতির জন্যই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে”, বলেন তিনি।
এদিকে ছাত্র অধিকার পরিষদ, ছাত্রদল এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নোয়াখালীর সুবর্ণচরের শিক্ষার্থীরা আলাদা ব্যানারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও শাহবাগে মানববন্ধন করেছে।❐



