গতানুগতিক থেকে বেরিয়ে শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে: শিক্ষামন্ত্রী
গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে এসে শিক্ষাব্যবস্থায় বড় পরিবর্তন আনার ওপর গুরুত্ব আরোপ করে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, আমরা শিক্ষাব্যবস্থায় আনন্দ নিয়ে আসতে চাই।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শেখ রাসেল জিমনেশিয়ামের উদ্বোধন অনুষ্ঠান ও আলোচনা সভায় মন্ত্রী এ কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী বলেন, আধুনিক শ্রম বাজারে ধীরে ধীরে প্রতিযোগিতা বাড়ছে। এ কারণে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দক্ষ জনশক্তি গড়ে তুলতে কাজ করে যাচ্ছি। এই কাজগুলোর জন্য গতানুগতিক চিন্তা শিক্ষাব্যবস্থায় হবে না। সব জায়গায় আমাদের একটু ‘‘আউট অব বক্স’’ চিন্তা করতে হবে।
দেশে শুধু পরীক্ষার মাধ্যমে সনদ দেওয়া হচ্ছে মন্তব্য করে দীপু মনি বলেন, এমনিতেই আমাদের শিক্ষাব্যবস্থা অনেকটা পরীক্ষানির্ভর ও সনদ সর্বস্ব। আনন্দহীনও। এই অবস্থা প্রাক-প্রাথমিক থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত। এ সময় শিক্ষাব্যবস্থার ত্রুটি খুঁজে বের করারও আহ্বান জানান তিনি।
যবিপ্রবির ডিনস কমিটির আহ্বায়ক ড. নাসিম রেজার পরিচালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ, যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন, দেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আব্দুল মজিদ, রেজিস্ট্রার প্রকৌশলী আহসান হাবীব, পরিচালক (শরীর চর্চা শিক্ষা দপ্তর) ড. মোহাম্মদ তোফায়েল আহম্মেদ।❐



