
তালেবানদের ভাই বানাব, ওদের হাতে রাখি পরাব: বলিউড অভিনেত্রী
আফগানিস্তানের বেশকিছু স্বাধীনচেতা নারী ইতোমধ্যে কাবুল ছেড়েছে অন্য দেশে পাড়ি জমিয়েছেন।
অনেকের মতে, তালেবানরা আফগানিস্তানে ফের নারী স্বাধীনতা হরণ করবে। যদিও এখন পর্যন্ত এমনটার দেখা মেলে নি।
এদিকে তালেবানের আফগান দখলে সে দেশের নারীদের নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বলিউডের কয়েকজন অভিনেত্রী। তারা টুইটার, ফেসবুকে গভীর উদ্বেগ প্রকাশ করে পোস্ট দিচ্ছেন। তাদের মধ্যে অন্যতম অভিনেত্রী মাহিকা শর্মা।
তবে মাহিকার টুইট একটু ভিন্ন ধরনের। তিনি জানিয়েছেন, তালেবানদের তিনি বোনের আদর-স্নেহ দিয়ে শেখাবেন, নারীদের কীভাবে সম্মান করতে হয়। তালেবানদের হাতে রাখি পরিয়ে তাদের ভাই বানাতে প্রস্তুত এই অভিনেত্রী।
আফগান নারীদের নিয়ে চিন্তিত মাহিকা টুইটারে লিখছেন, ‘তালেবানরা তাদের মা ও বোনের থেকে কখনও ভালোবাসা পায় না। আর সেজন্যই ওরা অপরাধীতে পরিণত হয়। যুদ্ধ বা শাস্তি দিয়ে ওদের পরিবর্তন করা যাবে না। আমি ওদের হাতে রাখি বাঁধব এবং ওদের বোন হয়ে যাব। আমি ওদের শেখাব কীভাবে নারীদের সম্মান করতে হয়। আমার মনে হয় তালেবানদের হাত থেকে এভাবেই আফগানদের বাঁচানো যাবে।’
মাহিকা আরও লিখেছেন, ‘আমি শিখেছি ভালোবাসাই মানুষকে বদলাতে পারে। ইতিহাসেও দেখেছি কীভাবে আমাদের বোনেরা কত ডাকাতকে ভালো মানুষে পরিণত করেছে। আমার আফগান নারীদের জন্য চিন্তা হচ্ছে। আমি ওদের জন্য, ওদের গণতন্ত্রের জন্য সরব হচ্ছি। আফগান মানুষের জন্য সবার এক হওয়া উচিত। তালেবানের হাত থেকে বাঁচানো উচিত।’
ভারতের প্রধানমন্ত্রীর সামনে প্রস্তাব রেখে আরও একটি টুইটে মাহিকা লিখছেন, ‘আফগান নারীদের বাঁচাতে আমি আসছি। তালেবানদের আমি ভাই বানাব আর রাখি পরাব। আর বোন হিসেবে ওদের মেরে মেরে শেখাব কীভাবে নারীদের সম্মান করতে হয়। ওদের মা, কন্যা নেই। তাই ওরা অপরাধ করে। মোদিজি (নরেন্দ্র মোদি) আমার আইডিয়াটা কেমন?’
I'm coming to #SaveAfghanWomen
I will make all #Talibans my brother and tie them #rakhi on #RakshaBandhan2021 then as a sister maar maar k ill teach them to respect women They don't have mothers, daughters, sister thats why they do all crime. #Modiji hows my idea?— Mahika Sharma (@memahikasharma) August 20, 2021



