ভারত

কাশ্মিরের সংবাদপত্রে তালেবান নিয়ে খবর নিষিদ্ধ

কাশ্মিরের সংবাদপত্রে তালেবান নিয়ে খবর নিষিদ্ধ করেছে সেখানকার ভারতীয় প্রশাসন। এমনকি তালেবান বা আফগানিস্তান নিয়ে সংবাদ প্রকাশ করলে সরকারি বিজ্ঞাপন মিলবে না বলে সম্পাদকদের সতর্ক করা হয়েছে।

রোববার আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়, গত ১৫ আগস্ট নাগাদ তৎকালীন প্রেসিডেন্ট আশরাফ গনি যখন দেশ ছাড়েন, কাশ্মিরের সংবাদপত্রগুলো সেই খবর প্রথম পৃষ্ঠায় প্রকাশ করেছিল।

পরদিনই তথ্য কর্মকর্তার দপ্তর থেকে পত্রিকার সম্পাদকদের ডেকে বলে দেওয়া হয়, তালেবান কিংবা আফগানিস্তানের প্রসঙ্গে কোনো খবর যদি তারা প্রকাশ করেন, তা হলে সরকারি বিজ্ঞাপন মিলবে না।

স্থানীয় একটি উর্দু পত্রিকার সম্পাদক বলেন, ‘তথ্য অধিকর্তার দপ্তর থেকে আমাদের ডেকে পাঠানো হয়েছিল। নির্দেশ দেওয়া হয়েছে, আফগানিস্তান নিয়ে কোনো কিছু লেখা চলবে না।’

লিখলে সরকারি বিজ্ঞাপন মিলবে না-কাশ্মিরের পত্রিকাগুলোর সম্পাদকদের সে কথা জানিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।

মুসলিম হিসেবে কাশ্মিরের বিষয়ে কথা বলার অধিকার রয়েছে— তালেবান মুখপাত্রের এমন বক্তব্যও কাশ্মিরের কোনো পত্রিকায় প্রকাশিত হয় নি।

এ ছাড়া কাশ্মিরের স্বাধীনতা আন্দোলনের অবিসংবাদিত নেতা সাবেক হুররিয়াত প্রধান সৈয়দ আলি শাহ গিলানির মৃত্যুর খবরও কাশ্মিরের পত্রিকাগুলোতে গুরুত্ব দিয়ে ছাপা হয় নি।

সম্পাদকরা জানান, জম্মু-কাশ্মিরের উপরাজ্যপাল মনোজ সিনহার মিডিয়া উপদেষ্টা এ নিয়ে বড় খবর না করার জন্যই তাদের বলেছিলেন।

অঘোষিত এসব নির্দেশের মধ্যে সংবাদপত্রগুলোতে তা হলে কী ছাপছে? কাশ্মিরের খবরের কাগজগুলোতে সবচেয়ে বেশি জায়গা মিলছে জম্মু-কাশ্মিরের উপরাজ্যপাল মনোজ সিনহার।

পাশাপাশি কাশ্মিরে খবর প্রকাশের ক্ষেত্রেও কিছু পরিবর্তন এসেছে। এনকাউন্টারের প্রসঙ্গ এলে পুলিশের বক্তব্যই প্রকাশ করছে সংবাদপত্রগুলো।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension