
অভিনয় শিল্পী শর্মিলী আহমেদ মারা গেছেন
বরেণ্য অভিনেত্রী শর্মিলী আহমেদ মারা গিয়েছেন। আজ শুক্রবার সকালে নিজ বাসাতেই তার মৃত্যু হয়। গণমাধ্যমকে মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বোন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি।
আরেক অভিনেত্রী ও সংসদ সদস্য সুবর্ণা মুস্তাফাও নিজের ফেসবুক অ্যাকাউন্টেও শর্মিলী আহমেদের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। তিনি লিখেছেন, আমাদের সময়ের অসাধারণ এক অভিনয়শিল্পী, আমার প্রিয় চাচি আজ সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার আত্মার শান্তি কামনা করছি। তার প্রয়াণে গোটা নাট্যজগত তাদের সবার প্রিয় ‘আম্মা’কে হারালেন।
শর্মিলী আহমেদের বয়স হয়েছিল ৭৫ বছর। তার প্রকৃত নাম মাজেদা মল্লিক। ১৯৪৭ সালের ৮ মে তার জন্ম। মাত্র চার বছর বয়স থেকেই অভিনয় শুরু করেন। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। ষাটের দশকে নাম লেখান চলচ্চিত্রাঙ্গনে।
প্রায় ৪০০ নাটক ও ১৫০টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয়জীবনে মায়ের চরিত্রে এত বেশি অভিনয় করেছেন, যার কারণে বিনোদন অঙ্গনে তিনি সবার কাছে ‘মা’ হিসেবেই পরিচিত ছিলেন। সবাই তাকে ‘শর্মিলী মা’ বলেই ডাকে।



