
গ্রিসে মানবেতর জীবন ৩শ বাংলাদেশির
রূপসী বাংলা ডেস্ক:গ্রীসের নেয়া মানালাদাতে তাঁবুর নিচে মানবেতর জীবন যাপন করছেন ৩শ বাংলাদেশি। গত বৃহস্পতিবার মানালাদাতে মাঠে কাজ করতে যাওয়া ৩’শ বাংলাদেশির বসবাসের জন্য অস্থায়ী ক্যাম্প আগুনে পুড়ে ছাই হয়। এতে আশ্রয়হীন হয়ে পড়েন তারা।
জানা যায়, ওই দিন সকালে খাওয়া দাওয়া শেষে সবাই কাজে চলে যান। রান্নার কাজে যারা নিয়োজিত ছিলেন তাদের অসাবধানতায় পুরো ক্যাম্পে আগুন লেগে সবকিছু পুড়ে যায়।
পুড়ে যায় প্রবাসী এ বাংলাদেশিদের পাসপোর্ট, গ্রিসে বসবাসের বৈধ ডকুমেন্ট এমনকি নগদ টাকাও। রবিবার এসব অসহায় মানুষকে সাহার্য করতে আসেন স্থানীয় বাংলাদেশ দূতাবাস, স্থানীয় পার্লামেন্ট সদস্য ও গ্রিসে বসবাসরত বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ।
এসময় তারা ক্ষতিগ্রস্তদের চাল, ডাল তেল, জামাকাপড়সহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বিতরণ করেন।
স্থানীয় পার্লামেন্ট সদস্য বাসিলি এ সময় বলেন, তিনি সংসদে আলোচনা করে এ সব খেঁটে খাওয়া মানুষের জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা করবেন।
গ্রিসে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত জসিম উদ্দীন জানান, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তিনি ক্ষতিগ্রস্তদের সাহায্য করতে সবধরণের পদক্ষেপ নেবেন। স্থানীয় প্রশাসনের সঙ্গে তিনি ইতোমধ্যে এ ব্যাপারে আলোচনা শুরু করেছেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কনস্যুলার ড. ফারহানা নূর চৌধুরী, গ্রিসে বাংলাদেশ কমিউনিটির সাবেক সভাপতি গোলাম মাওলা, বাংলাদেশ কমিউনিটির সিনিয়রসহ সভাপতি হাসান উল্লাহ হাসান, গ্রিস আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মিয়া মিজান, সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, গার্মেন্টস অ্যাসোসিয়েশন সভাপতি শেখ আল আমিন, সোবাহান ব্যাপারি, রফিক হাওলাদার, ইলিয়াস মাতুব্বর, মোকসেচুর রহমান, রুহল আমিন দেওয়ান প্রমূখ।



