
খালেদা জিয়াকে ঈদ শুভেচ্ছা জানাতে কারাগারে যাবেন বিএনপি নেতারা
রূপসী বাংলা ডেস্ক:পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডে কারাগারে বন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানাতেই সেখানে হাজির হবেন সিনিয়র নেতারা। বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা জানান।
ঈদের দিন কারাগারের সামনে বিএনপির কোন কর্মসূচি আছে কি না- এ প্রশ্নের জবাবে রুহুল কবির রিজভী বলেন, আমাদের (বিএনপির নেতাকর্মীদের) প্রত্যেকেই বেদনার্ত। আমাদের মনে মধ্যে কষ্ট। যাকে কেন্দ্র করে নেতাকর্মী, সর্বস্তরের জনসাধারণ এবং বিদেশী কূটনৈতিকদের সঙ্গে যে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়, তাকে তো অন্যায়ভাবে কারাগারে রাখা হয়েছে। তবে যেহেতু ঈদ ধর্মীয় উৎসব। এটা ইবাদতের সমতুল্য। কারণ নামাজ পড়তে হয়। সুতরাং ঈদের নামাজ হয়তো সবাই পড়বেন। কিন্তু আমাদের মাঝে ঈদের সেই আনন্দ ও খুশি নেই।
তিনি জানান, ঈদের দিন বিএনপির নেতাকর্মীরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যাবেন এবং সেখান থেকে জেল গেটে যাবেন। আমি যেটা জানি, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা কর্তৃপক্ষের কাছে আবেদনও করেছেন। জানি না, কর্তৃপক্ষ কি করবেন। আর আমাদের অন্যান্য নেতাকর্মীরাও শহীদ জিয়ার সমাধি ও জেল গেটে যাবেন। তবে এটা সেভাবে কোন কর্মসূচি নয়। সবাই মনের টানে সেখানে যাবেন।



