
আয়শা সাথী
অধিকারগুলো একদিন হারিয়ে যায়,
হারায় দুর্দান্ত ভালবাসা!
প্রবহমান তীরভাঙা স্রোতে
একদিন নীড়ভাঙা উদ্বাস্তু হতে হয়,
ভবঘুরে যাযাবর অতৃপ্ত কাম্য প্রত্যাশা।
কালক্রমে পরিবর্তিত প্রিয়-অপ্রিয়
কালজয়ী প্রিয়তম নিন্দিত কোন ক্ষণে,
অপ্রিয় গরল দ্বিধাহীন চিত্তে
সুধাসম পানে নীলমনি জ্যোতির্ময়,
অজান্তেই প্রত্যাশার গোরবাস নিভৃতে-নির্জনে।
বুকভাঙা কাতরতা বুকে চেপেই
‘প্রত্যাশাহীন প্রিয়’তে পরিবর্তিত হয়,
ভালোবাসার সমাপ্তি শুধুমাত্র ভালোবাসাই,
এর বেশি বিন্দুমাত্র প্রত্যাশাও
নিশ্চিত চাওয়া-পাওয়ার দ্বন্দ্ব ব্যতীত কিছুই নয়!
অবহেলার অপঘাতে অপমৃত্যু প্রত্যাশার
তবু আশায় বুক বাঁধে…
কোন সুদিনে আবির্ভাব হয় যদি ভালবাসার!



