প্রবাস

নিউইয়র্কে ২৭তম বাংলা বইমেলা শুরু

রূপসী বাংলা ডেস্ক:বই হোক আমাদের উত্তরাধিকার’ স্লোগানে নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে আজ থেকে বসছে ‘২৭তম নিউইয়র্ক বাংলা বইমেলা’। তিন দিনব্যাপী এই মেলা উদ্বোধন করবেন নাট্যজন রামেন্দু মজুমদার। ৭২-১১ রুজভেল্ট এভিনিউয়ের বেলাজিনোর সুপরিসর মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে স্থানীয় সময় বিকেল ৫টায়। খবর এনআরবি নিউজের।

শনি ও রোববার সকাল ১১টা থেকে রাত ১১টা পর্যন্ত মেলা চলবে পিএস-৬৯ (৭৭ স্ট্রিট ও ৩৭ এভিনিউ, জ্যাকসন হাইটস) স্কুল মিলনায়তনে। বইয়ের পাশাপাশি থাকবে বাঙালি ঐতিহ্যের খাদ্যপণ্যের স্টল। মেলার বিভিন্ন পর্বে থাকবে সঙ্গীত পরিবেশনা।

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের বাইরে বৃহত্তম ও সবচেয়ে দীর্ঘস্থায়ী এই বাংলা বইমেলায় উত্তর আমেরিকার শতাধিক লেখক অংশ নিচ্ছেন। অতিথি হিসেবে ঢাকা থেকে যোগ দিচ্ছেন বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান, বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক, আনিসুল হক ও কবি দিলারা হাফিজ। মুক্তধারা ফাউন্ডেশন সূত্রে জানা গেছে,

এ ছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে ইকবাল বাহার চৌধুরী, আবদুন নূর, আবুল হাসনাত, সাইফ ইমাম (জামি), জাফর আহমেদ রাশেদ, ইফতেখারুল ইসলাম, ইকবাল হাসান, সৈয়দ আল ফারুক, লুৎফর রহমান রিটন, আমীরুল ইসলাম, মো. আবদুস সামাদ, সৌরভ সিকদার, গীতালি হাসান, পারমিতা হিম, নাজমুন নেসা পিয়ারী, সালেহা চৌধুরী, নাসরিন জাবিন, আলপনা হাবিব ও পারভিন আক্তার অংশ নিচ্ছেন।

মুক্তধারা ফাউন্ডেশন আয়োজিত এই মেলার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন মুক্তিযোদ্ধা ও বিজ্ঞানী ড. নূরন্নবী। বাংলা একাডেমি, প্রথমাসহ বাংলাদেশের ২০টির মতো প্রকাশনা সংস্থা মেলায় নতুন বইয়ের প্রদর্শনীতে অংশ নিচ্ছে। বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশনা সমিতির সভাপতি ফরিদ আহমদ ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি আরিফ হোসেন ছোটন মেলায় উপস্থিত থাকবেন এবং লেখক-পাঠকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নেবেন।

প্রতিবছরের মতো এবারও বাংলা সাহিত্যে সার্বিক অবদানের জন্য একজন লেখক পুরস্কৃত হবেন। এই পুরস্কারের নতুন নামকরণ হয়েছে ‘মুক্তধারা-জিএফবি সাহিত্য পুরস্কার’, যার মূল্যমান ২ হাজার ৫০০ ডলার। এ ছাড়া মুক্তধারা-কথাপ্রকাশ ‘চিত্তরঞ্জন সাহা পুরস্কার’ নামে মেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের মধ্যে সেরা প্রকাশককে পুরস্কার প্রদান করা হবে, যার মূল্যমান ৫০ হাজার টাকা।

এ বছরই প্রথমবারের মতো ২৮টি বইয়ের স্টল হচ্ছে নিউইয়র্ক বইমেলায়। এবার অন্যতম আকর্ষণ হলো শহীদ জননী জাহানারা ইমামের স্মরণে বিশেষ অনুষ্ঠান ‘জননী’। ১৯৯২ সালে জাহানারা ইমামের নেতৃত্বে ঢাকায় একাত্তরের ঘাতক-দালালদের বিচারের দাবিতে যে গণআদালত বসে, তাতে বিশেষজ্ঞ হিসেবে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্রের আইনজীবী টমাস কিটিং। এই মেলায় কিটিংকে তার সাহসী ভূমিকার জন্য বিশেষ সম্মাননা প্রদান করা হবে।

মেলার অন্যান্য অনুষ্ঠানের মধ্যে রয়েছে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের সঙ্গে আলাপচারিতা, ‘লেখক বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা ও ডায়াসপোরা সাহিত্য নিয়ে মতবিনিময়। প্রয়াত কবি রফিক আজাদ ও সৈয়দ শামসুল হকের স্মৃতির উদ্দেশে থাকবে শ্রদ্ধাঞ্জলি। এতে অংশ নেবেন কবিপত্নী দিলারা হাফিজ ও আনোয়ারা সৈয়দ হক।

এ বছর মেলার মূল মিলনায়তনের নাম রাখা হয়েছে শহীদ জননী জাহানারা ইমাম মিলনায়তন। বইমেলার প্রাঙ্গণের নাম রাখা হয়েছে শওকত আলী প্রাঙ্গণ। সেমিনার কক্ষের নাম রাখা হয়েছে মুস্তাফা নূরউল ইসলাম কক্ষ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension