
ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবে নিহত মৌলভীবাজারের ফারুক
রূপসী বাংলা ডেস্ক:অবৈধভাবে ইউরোপ যাওয়ার পথে নৌকা ডুবিতে মৌলভীবাজারের শিহাব উদ্দিন ফারুক (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত শিহাব জেলার বড়লেখা উজেলার চান্দগ্রামের মাওলানা ইব্রাহিম আলীর ছেলে। এ ঘটনায় মৌলভীবাজার ও সিলেটের কয়েক যুবক নিখোঁজ রয়েছে।
শিহাবের মৃত্যুর খবর নিশ্চিত করে তার সঙ্গে থাকা একই গ্রামের বেলাল মিয়া নিহতের পরিবারকে জানান, গত মঙ্গলবার ৭৬ জনের একটি দলের বিয়ানীবাজার ও বড়লেখার কয়েকজন তরুণ ছিলেন যারা ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে নৌকার করে সমুদ্র যাত্রা করেন।
মাঝপথে রাস্তা হারিয়ে কয়েক ঘণ্টা তারা সমুদ্রে ছিলেন। এক সময় নৌকাটি ডুবে যায়। এ অবস্থায় তারা সবাই আতঙ্কিত হয়ে পানিতে ঝাপ দেন। কয়েকজন তীরে উঠে গেলেও বড়লেখা শিহাব ডুবে যায়।
একই ঘটনায় সিলেটের বিয়ানীবাজার ও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কয়েকজন তরুণ নিখোঁজ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে বাহাদুরপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. ময়নুল হক জানান, নিহত শিহাবের সঙ্গে থাকা বেলাল ফোনে এ খবর জানিয়েছে। ফোনের সূত্রে জানা গেছে এই ঘটনায় আরও কয়েক যুবক নিখোঁজ আছে। তবে শিহাবের পরিবার আমাকে জানিয়েছে তাদের এই খবর বিশ্বাস হচ্ছে না।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহিদুল রহমান বলেন-‘এ রকম কোনো খবর পুলিশকে কেউ জানায়নি আমরা খবর নিচ্ছি।’



