
অভিমান
কোমল দাস
আমি আবারো ভুল পথে…
সদাই হৃদয় চেয়েছিল মহত্বের আভিজাত্য
মন দেখেছিল মহানুভবতার ছবি, চিরচেনা রূপে
বিবেক এঁকেছিল ক্ষমার শাশ্বত বাণী।
সদা পাপের পথ মেলাতে চেয়েছিলাম পূণ্যের আলোয়
অথচ স্বপ্ন ভঙ্গের নেশায়…
আমি আবারো ভুল পথে…
আজ দেবতার পায়ে মাথা রেখেও
ভুলতে পারি না দুষ্ট কামনা,
এখন পূণ্যের ডাকে মন্দিরে গিয়েও
ভুলতে পারি না পাপের মোহনাকে।
আমি আবারো ভুল পথে…
আমি গঙ্গা জলে ধুয়েই ভেবেছিলাম নিজেকে সাধু,
সাধু সাজ সেজেই ধরেছিলাম দরবেশী ভাব
সাধু সঙ্গ করেই ভাবের সে কি বাহার!
অথচ হৃদয় কোণের সামান্য তম দুষ্টু বাসনায়
ভাবতে পারিনি ছেয়ে ফেলবে হৃদয়!
এখনও রমণীলোকের সান্নিধ্যে জেগে ওঠে কাম বাসনা
কিসের সাধু দুষ্ট মন!
আমি আবারো ভুল পথে…
অথচ,আজ
আর সাধু হতে বাসনা নেই মনে
নেই পূণ্যের কোনো আলো!
শুধু শত অভিমান আছে আজ ভাগ্যের সাথে!
তাই তো বুঝতে পারছি না আমি কি আসলেই আবারো ভুল পথে?



