খেলা

ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপজয়ীরা পাবেন ‘চ্যাম্পিয়নশিপ রিং’

উত্তর আমেরিকায় অনুষ্ঠিত ২০২৬ ফিফা বিশ্বকাপ ইতোমধ্যেই নানা নতুনত্বের সাক্ষী হয়েছে। এবার সেই তালিকায় যুক্ত হতে যাচ্ছে আরও একটি ব্যতিক্রমী উদ্যোগ। প্রথমবারের মতো বিশ্বকাপজয়ী দলকে দেওয়া হবে বিশেষ ‘চ্যাম্পিয়নশিপ রিং’ বা আংটি।

মার্কিন ক্রীড়াঙ্গনে চ্যাম্পিয়ন দলকে আংটি প্রদান দীর্ঘদিনের ঐতিহ্য। বিশেষ করে এনএফএলের সুপার বোলজয়ীরা এই সম্মান পেয়ে থাকে। সেই সংস্কৃতিই এবার প্রথমবারের মতো যুক্ত হচ্ছে ফিফার কোনো প্রতিযোগিতার সঙ্গে।

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ২০ জুলাই বাংলাদেশ সময় রাত ১টায় অনুষ্ঠিত হবে বিশ্বকাপের ফাইনাল। শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপীয় শক্তি স্পেন। ঐতিহ্যবাহী বিশ্বকাপ ট্রফি ও স্বর্ণপদকের পাশাপাশি বিজয়ী দলের জন্য থাকবে এই নতুন সম্মাননা।

বিশ্বকাপ উপলক্ষে মোট ২ হাজার ২৬টি চ্যাম্পিয়নশিপ রিং তৈরি করা হবে। এর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন দলের সদস্যদের জন্য বরাদ্দ থাকবে ৩০টি আংটি। বাকি ১ হাজার ৯৯৬টি আংটি বিশ্বের বিভিন্ন প্রান্তের সমর্থকদের জন্য বিক্রির ব্যবস্থা করা হবে।

আংটির এক পাশে থাকবে বিশ্বকাপ ট্রফির নকশা। অন্য পাশে ফুটে উঠবে চ্যাম্পিয়ন দলের পরিচয় ও অর্জনের স্মারক। বিজয়ী দলের জন্য তৈরি প্রতিটি আংটিই হবে স্বতন্ত্র নম্বরযুক্ত এবং সংশ্লিষ্ট ব্যক্তির আঙুলের মাপ অনুযায়ী বিশেষভাবে প্রস্তুত করা হবে। প্রতিটি আংটির সঙ্গে দেওয়া হবে সত্যায়নপত্রও।

ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের অধিনায়ক ও প্রধান কোচের হাতে প্রতীকী বা অস্থায়ী আংটি তুলে দেওয়া হবে। পরে চ্যাম্পিয়ন দলের জন্য নির্ধারিত ৩০টি আংটি ব্যক্তিগত মাপ অনুযায়ী তৈরি করে আনুষ্ঠানিকভাবে বিতরণ করা হবে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension