বাংলাদেশরাজনীতি

উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন

ঘুস লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক বলে জানিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। তিনি বলেছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শুধু ৫ শতাংশ ভুল করে ফেলেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুসের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

বুধবার (১১ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে ইশরাক হোসেন এসব কথা লেখেন।

পোস্টে তিনি লিখেছেন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী শাহে আলমের বক্তব্য পুরোটা শুনলে বোঝা যেত, তিনি ৯৫ শতাংশ সঠিক বলেছেন। জনগণের ট্যাক্সের টাকায় নির্মাণকাজের গুণগত মানের বিষয়ে তার বক্তব্য ঠিক ছিল। শুধু ৫ শতাংশ ভুল করে ফেলেছেন। উপহার বলি বা অন্য যে নামেই ডাকি না কেন, ঘুসের লেনদেন সম্পূর্ণ অবৈধ ও অনৈতিক।

ইশরাক হোসেন লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শের দল কোনো অবৈধ বা অনৈতিক কাজ সমর্থন করে না। এটা তার ব্যক্তিগত বক্তব্য ও চর্চা হতে পারে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ও আমাদের সরকার এটিকে সমর্থন করে না। তাই মিডিয়ায় বিষয়টি তার ব্যক্তিগত বক্তব্য হিসেবেই প্রচার করা উচিত ছিল।

এর আগে, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি ভবনের কামরুল ইসলাম সিদ্দিক মিলনায়তনে এলজিইডির নবনিযুক্ত সহকারী প্রকৌশলীদের ওরিয়েন্টেশন ও প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী বলেন, ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুসের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। সিনিয়র সচিব একদিন আমাকে বলল যে, একজন ইঞ্জিনিয়ারের তো ঘুস খাওয়ার প্রয়োজন নেই। কাজের গুণগত মান ঠিক করে নেওয়ার পর ঠিকাদারের প্রফিট কাজের মধ্যেই ধরা থাকে।

তিনি বলেন, কীভাবে ঠিকাদারের কাজটা দ্রুত বুঝে নিয়ে দ্রুত বিল টিল দেওয়ার পরে ঠিকাদার তার লভ্যাংশ থেকে যদি খুশি হয়ে একটা উপহার ইঞ্জিনিয়ারকে দেয়, এটা তো ঘুসের মধ্যে পড়বে না। এটা আপনি নিতেই পারেন। সেই জায়গাগুলোতে আমাদের নতুন করে চিন্তা করবার সময় এসেছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension