
প্রবাস
উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক্-এর ‘সামার ব্যাশ’
নিজস্ব সংবাদদাতা, রূপসী বাংলা:
যুক্তরাষ্ট্রে বসবাসরত বৃহত্তর সিলেটবাসীর শীর্ষ সামাজিক সংগঠন জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইনক্-এর উদ্যোগে অত্যন্ত আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো বহুল কাঙ্ক্ষিত ‘সামার ব্যাশ’। প্রবাসে নিজেদের সংস্কৃতি, সুদৃঢ় মেলবন্ধন এবং পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার লক্ষ্য নিয়ে আয়োজিত এই অনুষ্ঠানটি যুক্তরাষ্ট্রপ্রবাসী সিলেটীদের এক মহামিলনমেলায় পরিণত হয়।
অ্যাসোসিয়েশনের সভাপতি মইনুল ইসলাম এবং সাধারণ সম্পাদক আতাউল গণি আসাদের সার্বিক পরিচালনায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য একটি শক্তিশালী উদযাপন কমিটি দায়িত্ব পালন করেন। তারা হলেন— আহ্বায়ক শেখ জামাল হোসেন, মুখ্য আহ্বায়ক লায়েছ আহমেদ (মিনু), প্রধান সমন্বয়কারী মঈন উজ জামান চৌধুরী এবং সদস্য সচিব হেলিম উদ্দিন, যুগ্মসদস্য সচিব পদে কামরুল হোসেন ও শাহীনুল ইসলাম।
সদস্যবৃন্দের মধ্যে ছিলেন—আ. রহিম (কাদির), জয়নাল উদ্দিন লায়েক, মাসুক মিয়া, সৈয়দ লোকমান, বদরুল উদ্দিন এবং দেওয়ান মো. তাজ্জির।
প্রবাসের ব্যস্ত জীবন থেকে খানিকটা বিরতি নিয়ে প্রবাসী বাংলাদেশিরা পরিবার-পরিজনসহ এই সামার ব্যাশে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অনুষ্ঠানজুড়ে ছিল কুশল বিনিময়, আড্ডা, হরেক রকমের স্টল এবং জমকালো সাংস্কৃতিক পরিবেশনা।
বাংলাদেশ, যুক্তরাজ্য ও স্থানীয় জনপ্রিয় শিল্পীদের কণ্ঠে পরিবেশিত হয় মনকাড়া দারুণ সব গান। সংগীত পরিবেশন করেন সেলিম চৌধুরী, রিজিয়া পারভীন, কামরুজ্জামান বকুল, লন্ডন থেকে আগত ওয়াহিদ, শাহ মাহবুব, বাউল কালা মিয়া, নাসির উদ্দিন, রোকসানা মির্জা, নাজু আকন্দ, আফতাব জনি, সিলমা এবং অপু রহমানের দল।
‘সাউন্ডগিয়ার’-এর চমৎকার ইভেন্ট ম্যানেজমেন্ট ও শ্রুতিমধুর সাউন্ড সিস্টেম পুরো অনুষ্ঠানটিকে করে তোলে প্রাণবন্ত। মেলা প্রাঙ্গণে প্রবাসীদের আকর্ষণ কাড়তে প্রায় ২০টির মতো বর্ণিল স্টল বসানো হয়।
প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে নিজেদের সম্প্রীতি, ঐতিহ্য ও মূল শিকড়ের ধারাবাহিকতা তুলে ধরাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য। উদযাপন কমিটির কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টা এবং প্রবাসীদের সর্বাত্মক অংশগ্রহণে জালালাবাদ অ্যাসোসিয়েশনের এই ‘সামার ব্যাশ’ একটি সফল ও স্মরণীয় আয়োজনে পরিণত হয়।
ছবি














