সাহিত্যকবিতা

জ্যান্ত বসন্ত আজ মৃত্যুপথযাত্রী

বিপুল চন্দ্র রায়

একটি গোলাপ ফুল দেবো কোনো তরুণীকে ভালোবেসে
এমন সৌভাগ্য হলো না জীবনভর।
প্রেমের প্রবচন শেখার আগেই বুক ভরা ইচ্ছেগুলোকে
কুরে কুরে খেলো অভাবের অন্বেষণ,
আর আমার দুহাতে শুধুই জীবিকার অন্তহীন শেকল।
শখ করার বয়সে জীবনযুদ্ধে হেরে গিয়ে,
ঐ যে ছাড়লাম বই,খাতা-কলম,
ঐ যে ছাড়লাম বাড়ি-ঘর,
সংসার, প্রেম আর রঙিন স্বপ্ন
কোনোটাই হলো না দেখা জীবনভর।
আজকাল বুকভাঙা দীর্ঘশ্বাসে ভাবি,
যদি একটু সচ্ছল হতো জীবন,
যদি বুক ফুলিয়ে দাঁড়াতে পারতাম আর একবার
যদি একটি গোলাপ হাতে নিয়ে
বলতে পারতাম ভালোবাসি!
কিন্তু একটা গোলাপ দেবো কাকে দেবো?
কাকে ভালোবেসে হাত বাড়িয়ে বলব
এই নাও, তোমার জ্যান্ত বসন্ত!
জীবনের সাথে লড়তে লড়তে কবে যেন ভুলে গেছি
কীভাবে হৃদয়ে গোলাপ ফোটাতে হয়,
ভালোবাসতে হয়, সংসার করতে হয়।
অথচ প্রেমহীন, সঙ্গহীন এই দীর্ঘ পথচলায়
কেউ কোনোদিন বুঝল না,
আমার বুকের গভীর জমানো মাটি খুঁড়লে
গোলাপের সুবাস বা সৌন্দর্য নয়,
বরং পাওয়া যাবে কেবল এক বুক অভিমান!
যদি কেউ বলত, একটি গোলাপ দিয়ে ভালোবাসি
তবে হয়তো এই পোড়া মাটিতেও আবার জন্ম নেবে
একটি অবিনশ্বর, রক্তিম গোলাপ!
কিন্তু জীবন আমাকে শুধু শিখিয়েছে সংঘাত,
আজীবন একাকীত্ব!
আজ শুধু আমি শূন্য দুহাতে শূন্য জীবন গুনি,
গোলাপের সুবাস পাইনি কখনো, তাতে কী?
আমি যে এক অভাগা মুনি!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension