মুক্তমত

রঙের ভাষায় আরোগ্য ও আত্মপরিচয়

সেতারা সোহেলী আহমেদের শিল্পযাত্রা ও পেনসিলভেনিয়া বইমেলা ২০২৬

হুমায়ূন কবীর ঢালী

একুশ ও বাইশ নভেম্বর পেনসিলভেনিয়ার আপার ডার্বিতে দুই দিনের বইমেলা হয়ে গেল। আয়োজকদের আমন্ত্রণ পেয়ে শিশুসাহিত্যের একজন সারথি হয়ে আমিও গিয়েছিলাম আপার ডার্বির ‘ঢাকা ক্লাব পার্টি সেন্টার’-এ। ‘বই পড়ুন, জ্ঞান ছড়ান, সমৃদ্ধ সমাজ গড়ুন’—এই মূলমন্ত্রে সাজানো মেলায় পেনসিলভেনিয়া ছাড়াও নিউইয়র্ক, নিউজার্সি, মেরিল্যান্ড ও ভার্জিনিয়া থেকে ছুটে এসেছিলেন পাঠক, লেখক, প্রকাশক ও শিল্পীরা। শব্দের সেতুবন্ধনে গড়ে ওঠা এই মিলনমেলায় বইয়ের পাতা আর পাঠকের চোখের ভাষায় যেন নীরবে কথা বলছিল প্রবাসে বেড়ে ওঠা শেকড়ের টান, স্মৃতির আলো আর নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি পৌঁছে দেওয়ার এক গভীর আকাঙ্ক্ষা।

বইমেলার দুইদিন বইয়ের ঘ্রাণ ও উৎসবের কোলাহল ছাপিয়ে আমার চোখ ও মন বারবার আটকে গিয়েছিল মেলার এক কোণের ছোট্ট একটি চিত্র প্রদর্শনীতে। সাহিত্যের শব্দ যখন কল্পনার দরজা খুলে দেয়, তখন দৃশ্যশিল্প সেই কল্পনাকে দেয় রঙ, রেখা ও স্পর্শের বাস্তব রূপ। ক্যানভাসগুলোর সামনে গিয়ে দাঁড়ালেই যেন থেমে যেত চারপাশের শব্দ; মনে হতো বইয়ের পাতা থেকে উঠে আসা কোনো নীরব কবিতা রঙের ছাঁটে জীবন্ত হয়ে উঠেছে। ছবিগুলো এঁকেছেন সেতারা সোহেলী আহমেদ—একজন নিষ্ঠাবান চিত্রশিল্পী ও শিক্ষক।
সেতারা সোহেলী আহমেদ সমসাময়িক চিত্রশিল্পী, যিনি পেনসিলভেনিয়ায় বসবাস ও কাজ করেন। শৈশবে বেসরকারি আর্ট স্কুলে তাঁর চারুকলার হাতেখড়ি হয়েছিল, আর শিশুশিল্পী হিসেবে প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতেছিলেন ৪০টিরও বেশি পুরস্কার। পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চারুকলায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন তিনি; চিত্রকলা ছিল তাঁর প্রধান বিষয়।
২০১০ সালে স্নাতকোত্তর শেষ করে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। নতুন দেশে সংসার ও জীবনের শুরুতে কিছুদিন শিল্পচর্চায় বিরতি পড়ে—কিন্তু জীবনের এক অপ্রত্যাশিত ও কঠিন বাঁক তাঁকে আবার রঙ ও তুলির কাছে ফিরিয়ে আনে।
দ্বিতীয় সন্তানের জন্মের পরপরই সেতারার জীবনে নেমে আসে বড় বিপর্যয়—দুবার হার্ট অ্যাটাক হয়, ওপেন হার্ট সার্জারিসহ একাধিক অস্ত্রোপচারের ভেতর দিয়ে যেতে হয় তাঁকে। অস্ত্রোপচারের পরও স্বাভাবিকতা ফেরেনি; দীর্ঘ পাঁচ বছর তাঁকে শারীরিক ও মানসিক ট্রমার মধ্য দিয়ে লড়তে হয়েছে। এমন সময়ও এসেছে, যখন চিকিৎসকেরা স্পষ্ট সমাধান দিতে পারেননি, আর বেশিক্ষণ বসে থাকা কিংবা মানুষের সঙ্গে কথা বলার শক্তিটুকুও ছিল না।
ঠিক সেই অন্ধকার সময়েই নিজের ভেতর এক প্রশ্ন জাগে—স্বল্প সময়ের মধ্যে জীবন শেষ হয়ে গেলে নিজের কর্মের কী ব্যাখ্যা দেবেন? সেই উপলব্ধি থেকেই আবার তুলি ধরেন সেতারা। তাঁর নিজের কথায়, প্রায় সব চিত্রকর্মই তাঁর নিজের জীবনের গল্প—জীবনের ঘটনা, নৈতিকতা, দৃষ্টিভঙ্গি, ভাবনা, জীবনদর্শন ও স্বপ্নের প্রকাশ। তীব্র অসুস্থতার দিনগুলোতে যখন দীর্ঘ সময় বসা বা কথা বলা কষ্টকর ছিল, তখন তিনি মাত্র ৫ থেকে ১০ মিনিট ছবি আঁকতেন, শুয়ে বিশ্রাম নিতেন এবং এক-দুই ঘণ্টা পর আবার শুরু করতেন। ক্ষুদ্র ক্ষুদ্র সেই সময়ের ছবি আঁকাই হয়ে ওঠে তাঁর মানসিক আনন্দ ও আরোগ্যের থেরাপি, যা তাঁকে ধীরে ধীরে সেরে উঠতে বড় শক্তি জুগিয়েছে। শিল্পীর কাছে ক্যানভাস তখন কেবল রঙ লেপনের জায়গা ছিল না; ছিল নিঃশ্বাস নেওয়ার পরিসর, যেখানে ভাঙনের ভেতরও গড়ে ওঠে টিকে থাকার নিজস্ব ব্যাকরণ।
বইমেলায় প্রদর্শিত একটি ক্যানভাসের মূল চিত্র সেদিন বেশ কয়েকবার দেখে থমকে গিয়েছিলাম। চিত্রে একাধিক মানবমুখ, পাখি এবং প্রাকৃতিক রূপের আবেগঘন ও প্রতীকী সংমিশ্রণ। মুখাবয়বগুলো কিছুটা অর্ধ-স্বপ্নময় ও শৈল্পিকভাবে বিন্যস্ত, চোখগুলোতে নীল ও সবুজের আভা খেলা করে। মুখের সাথে গাছের পাতা, লতা বা শাখার মতো ঘূর্ণায়মান রেখা এবং পাখির উপস্থিতি প্রকৃতি, শান্তি ও জীবনের বহমানতার ইঙ্গিত দেয়। এখানে মানবমুখ ও নিসর্গের রেখা পরস্পর বিচ্ছিন্ন নয়; বরং লতা-পাতার ছন্দময় বুননে মানুষ ও প্রকৃতি এক অভিন্ন সত্তায় মিশে গেছে—যেন কোনো রূপকথা বা গীতিময় গদ্যের দৃশ্যমান অনুবাদ। গাঢ় নীল, সবুজ, হলুদ, কমলা ও মাটির রঙের উষ্ণ ও শীতল টোনের সমন্বয়ে—বিশেষ করে ওপরের ডানদিকে উজ্জ্বল হলুদ-সবুজ আভা ও চারপাশের গাঢ় নীল-সবুজ পটভূমিতে—গভীরতা ও আলোর ভারসাম্য ফুটে উঠেছে। পাশের অন্য ফ্রেমগুলোতেও বাতাসে দোলা পাতার কোমল ছন্দ কিংবা রঙের ঘনত্ব ও টান দর্শকের ভেতরের অনুভূতিকে ছুঁয়ে যায়। এক ফ্রেম থেকে আরেক ফ্রেমে দৃষ্টি সরালেই বোঝা যায়, তাঁর চিত্রভাষায় উষ্ণতা ও শীতলতার টানাপোড়েন কেবল আলোকছায়ার খেলা নয়, বরং বেদনা, প্রত্যাশা ও প্রশান্তির সূক্ষ্ম রূপক।
সংকট ও পরিবর্তনের প্রতিটি পর্বে তাঁর চিত্রকলায় নতুন অধ্যায় যুক্ত হয়েছে। অসুস্থতার সময়ে Time to fly, Dancing wave এবং Inspiration of life তাঁকে প্রেরণা জাগিয়ে তুলেছিল এবং কঠিন অসুস্থতা থেকে ঘুরে দাঁড়ানোর শক্তি দিয়েছিল। মহামারির সময় প্রকৃতির নির্মলতা ও দূষণ কমার অভিজ্ঞতা থেকে তৈরি হয় সিরিজ Bonding with nature in next world, যা ফিলাডেলফিয়া, টেক্সাস ও সেন্ট্রাল পেনসিলভেনিয়া ফেস্টিভ্যাল অব আর্টসহ একাধিক প্রদর্শনীতে পুরস্কার লাভ করে। সেতারার বৈচিত্র্য বিষয়ক কাজ ওয়াশিংটন ডিসির প্রদর্শনী ও এস. এম. সুলতান ফাউন্ডেশনের আন্তর্জাতিক প্রদর্শনীতে পুরস্কৃত হয়; Couple in love ভারত ও বাংলাদেশে প্রদর্শিত হয়ে সেরা পুরস্কার অর্জন করে। পাঁচ বছর পর শারীরিক অবস্থার উন্নতি হলে শিক্ষকতায় যুক্ত হন এবং নিজের অভিজ্ঞতা থেকে আঁকেন The stage of life, যা নেপালে সেরা পুরস্কার পায় এবং ঢাকা শিল্পকলা একাডেমিতেও প্রদর্শিত হয়। এই প্রতিটি কাজেই দেখা যায়, ব্যক্তিগত অভিজ্ঞতা কীভাবে ধীরে ধীরে সর্বজনীন মানবিক অনুভূতি ও কাব্যিক প্রতীকে রূপান্তরিত হয়েছে।
স্রষ্টার কৃপা এবং আপনজনদের ভালোবাসা ও যত্নে স্বাস্থ্যের ধীরে ধীরে উন্নতি হওয়ার পর সেতারার সৃষ্টিতে আসে নতুন আলোর ছোঁয়া। সেই উপলব্ধি থেকেই তিনি আঁকেন The sunflower of life এবং Nirvana। এই কাজগুলোতে তিনি তুলে ধরেছেন তাঁর জীবনের কঠিন ও অন্ধকার সময় যেমন, তেমনি জীবনের সুন্দর ও আলোকিত অধ্যায়ও—যেখানে জীবনের প্রতিটি মুহূর্তকে নতুন করে উদ্‌যাপন করার প্রত্যয় ধরা পড়ে। আলো ও অন্ধকারের দ্বৈততা তাঁর কাজে পরাজয়ের চিহ্ন নয়; বরং সূর্যের দিকে মুখ তুলে থাকা পাপড়ির মতো আলোকে বরণ করে নেওয়ার এক সংহত সাহস।
তাঁর সাম্প্রতিক কাজগুলোর সিরিজের নাম Oneiroi—গ্রিক এই শব্দের অর্থ ‘স্বপ্ন’। এখন তিনি জীবনের প্রতিটি মুহূর্ত উদ্‌যাপন করছেন এবং আগামীর জন্য নতুন নতুন স্বপ্ন বুনে চলেছেন। প্রবাসে এসেও নিজের ঐতিহ্য ও শিল্পচর্চাকে ধরে রাখার পেছনে পারিবারিক শিক্ষা এবং পরবর্তীতে চারুকলার শিক্ষা বড় ভূমিকা রেখেছে বলে মনে করেন তিনি। আর দেশপ্রেমের জায়গা থেকে তাঁর যাপিত এক সহজ ও সুন্দর চর্চার কথাও তিনি জানান—প্রতিদিন নিজের আমেরিকান সহকর্মী শিক্ষকদের কাছে বাংলাদেশ সম্পর্কে ভালো কিছু বলা। তাঁর কাছে এটিই দেশপ্রেম—যেখানে দৈনন্দিন সংলাপ ও শিল্পের মাধ্যমে দূরত্ব পেরিয়ে গড়ে ওঠে সংস্কৃতির সেতুবন্ধন।
শিল্পীর ভাষায়, “জীবনে সবকিছুই আসবে আর যাবে, কিন্তু তোমাকে সুখী হতে শিখতে হবে”। নয় বছরের চারুকলা শিক্ষকতার অভিজ্ঞতায় সমৃদ্ধ সেতারা সোহেলী আহমেদ বর্তমানে পেনসিলভানিয়ার নর্থ পেন স্কুল ডিস্ট্রিক্টে শিক্ষকতা করার পাশাপাশি নিজের আর্ট স্কুল “সেতারা’স গ্যালারি”-তে ব্যক্তিগত ও অনলাইন ক্লাসের মাধ্যমে বিশ্বের যেকোনো প্রান্তের শিক্ষার্থীদের চারুকলা শেখাচ্ছেন। বইমেলার প্রাণবন্ত আয়োজনের মাঝে তাঁর এই রঙিন ও সংগ্রামজয়ী শিল্পযাত্রা যেন এক গভীর মানবিক আলো ছড়িয়ে দিয়েছে—যেখানে সাহিত্য, স্মৃতি আর চিত্রভাষা মিলেমিশে তৈরি করেছে এক অনন্য ও প্রাণস্পর্শী অধ্যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension