
প্রবাস
অন্ধকার আর অজ্ঞতা দূর করার প্রার্থনার মধ্যদিয়ে নিউইয়র্কে হিন্দু সম্প্রদায়ের শিবরাত্রি পালন
রূপসী বাংলা ডেস্ক:নিউইয়র্কের প্রবাসী বাংলাদেশী হিন্দু সম্প্রদায় পালন করেছে মহা শিবরাত্রি । স্থানীয় সময় ১৪ ফেব্রুয়ারী বুধবার
শিবরাত্রি উপলক্ষে নিউইয়র্কের বিভিন্ন মন্দিরে চলে পূজা অর্চনা। সকাল থেকে দুধ, জল ও বেলপাতা সহ মন্ত্র জপে দিবা রাত্রি অতিবাহিত করেন হিন্দু পুণ্যার্থীরা ।রাতে অঞ্জলীর মাধ্যমে উপবাসের সমাপ্তি টানেন তারা।


জ্যাকসন হাইটসের ওম শক্তি মন্দির, ওডসাইডের সত্যনারায়ন মন্দির, দিব্যধাম সেবাশ্রম মন্দির, ওজন পার্কের শ্রী হরি মন্দির সহ জ্যামাইকা ও ব্রঙ্কসের বিভিন্ন মন্দিরে চলে নাম সংকীত্তন এবং শিব বন্দনা।
ওম শক্তি মন্দিরের পুরহিত শ্রী প্রভাষ চক্রবর্ত্তী মহা শিব রাত্রির তাৎপর্য্য তুলে ধরে বলেন , শিবরাত্রি হচ্ছে হিন্দু সম্প্রদায়ের নিকট একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার অনুষ্ঠান। এই রাতেই শিব ও পার্বতীর বিবাহ হয়েছিল।এই মহা শিব রাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। । অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই দিনটিতে ব্রত পালিত হয়।
তিনি আরও উল্লেখ করেন, হিন্দু মহাপুরাণ তথা শিবমহাপুরাণ অনুসারে এইরাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তান্ডব নৃত্য করেছিলেন । এই রাত্রিতে শিব তার প্রতীক লিঙ্গ রূপে প্রকাশিত হয়ে জীবের পাপনাশ ও মুক্তির পথ দিয়েছিলেন। প্রসাদ বিতরন ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনূষ্ঠান সম্পন্ন করা হয় ।



