বিনোদন

আমিরকে ঠগস অফ হিন্দুস্তান প্রচারে অনুমতি দিল না চিনা বিশ্ববিদ্যালয়

রূপসী বিনোদন ডেস্ক রিপোর্ট: বলিউড পারফেক্টশনিস্ট আমির খানের একের পর এক ছবি সেরা ব্যবসা করেছে চিনে৷ থ্রি ইডিয়টস হোক অথবা সিক্রেট সুপারস্টার, কিংবা দঙ্গল আমিরের ছবি চিনা বক্স অফিসে ঝড় তুলেছে৷ অথচ তাঁকেই ঠগস অফ হিন্দুস্তান প্রচারের অনুমতি দিল না চিনের এক বিশ্ববিদ্যালয়৷

ঠগসের প্রচারে এখন চিনেই আছেন আমির৷ মঙ্গলবার দক্ষিণ চিনের উয়াংডোং বিশ্ববিদ্যালয়ে ফ্যানদের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁর৷ প্রিয় অভিনেতাকে চোখের সামনে দেখতে উৎসুক ছিলেন ফ্যানেরাও৷ কিন্তু সবাইকে হতাশ করে সেই অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়৷ চিনা মিডিয়া গ্লোবাল টাইমস জানিয়েছে, আমির যে ক্যাম্পাসে আসবেন তার কোনও খবর সোমবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কাছে ছিল না৷ পড়ুয়াদের মারফত খবরটি তারা পান৷ আগে থেকে অনুমতি না নেওয়ায় আমিরের অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়৷

বিশ্ববিদ্যালয়ের এক কর্মীকে উদ্ধৃত করে গ্লোবাল টাইমস জানিয়েছে, সোশ্যাল মিডিয়া থেকে পড়ুয়ারা প্রথমে জানতে পারে৷ সেখান থেকে খবরটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কানে যায়৷ অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে কর্তৃপক্ষ জানতে পারে৷ এর জন্য দায়ী করা হচ্ছে উদ্যোক্তাদের৷ যদিও উদ্যোক্তাদের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একতরফা ভাবে এই সিদ্ধান্ত নিয়েছে৷ কারণ পড়ুয়ারা নাকি অতিউৎসুক হয়ে পড়েছিল৷ পরে অনুষ্ঠানটি একটি হোটেলে স্থানান্তরিত করা হয়৷

৮ নভেম্বর ভারতে মুক্তি পায় আমির খান অভিনীত ঠগস অফ হিন্দুস্তান৷ পিরিয়ড ড্রামা সিনেমায় অভিনয় করেছেন অমিতাভ বচ্চন, ক্যাটরিনা কাইফ, সানা ফাতিমা শেখ৷ এই প্রথমবার আমির ও বিগ বি বড় পর্দায় একসঙ্গে৷ বলিউডে এখনও অবধি সবথেকে মেগা বাজেটের ছবি৷ কিন্তু এত কিছুর পরেও বক্স অফিসে কামাল করতে পারেনি ঠগস৷ সব মিলিয়ে দেড়শো কোটি টাকাও ঘরে তুলতে পারেননি প্রযোজকরা৷ এবার দেখার চিনে কতটা কামাল করতে পারে ঠগস অফ হিন্দুস্তান৷

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension