
কবিতা
আমি নারী হতে চাইনি
শাহানাজ পারভীন শিউলী
আমি নারী হতে চাইনি
মানুষ হতে চেয়েছিলাম।
ওদের ইদ্রিয়সেবা আমাকে করেছে অবলা, ললনা, অঙ্গনা, নারী।
আমার সত্ত্বাকে কুরেকুরে খেয়েছে
ঘুন পোকার মতো।
উষ্ণ মাংসের মতো আমি পিষে যাই ওদের দন্তের কামড়ে।
নির্লিপ্ত কামক্ষুধা মেটায় ওরা আমার মেধা, মগজ, অস্তিত্ব দিয়ে।
যেমনটি নিরীহ হরিণ স্বীকার হয় হায়েনার নগ্ন হিংস্র থাবায়।
যেমনটি চন্দ্রিমাকে গ্রাস করে অমাবস্যায়।
আমি এক চিলতে মাটি হতে চেয়েছিলাম,
দখলকৃত ভূমি হতে চাইনি।
যেখানে কৃষক হেমন্তের একমুঠো সোনারোদ মেখে সবুজ হাসি হাসে।
ওরা আমাকে মানুষ হতে দেয়নি।
ওরা আমার বুকের সবুজ জমিনে ছিটায় কীটনাশক বিষ। উহ্! কী অসহ্য!
মুক্তির কপাট বন্ধ। আমি আটকে আছি নিষ্ঠুর স্বেত জমাট বরফে।



