বিনোদন

ইউনিভার্সাল পিকচার্সের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমা ‘দ্য ওডিসি’

মুক্তির দুই মাস পূর্ণ হওয়ার আগেই প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্সের ১১৪ বছরের ইতিহাসে সর্বোচ্চ আয়কারী সিনেমার গৌরব অর্জন করেছে ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’।

ইউনিভার্সাল পিকচার্সের দেওয়া তথ্য অনুযায়ী, মুক্তির ৫৭ দিন শেষে বিশ্বজুড়ে ‘দ্য ওডিসি’র মোট আয় দাঁড়িয়েছে ১ দশমিক ৬৮ বিলিয়ন ডলার। এর মধ্যে উত্তর আমেরিকার বক্স অফিস থেকে এসেছে ৬০১ দশমিক ২ মিলিয়ন ডলার এবং আন্তর্জাতিক বাজার থেকে ১ দশমিক ০৮৩ বিলিয়ন ডলার। এর মধ্য দিয়ে ২০১৫ সালে মুক্তি পাওয়া ইউনিভার্সালের আরেক ব্লকবাস্টার ‘জুরাসিক ওয়ার্ল্ড’-এর ১ দশমিক ৬৭ বিলিয়ন ডলারের রেকর্ড ভেঙে শীর্ষস্থান দখল করেছে ‘দ্য ওডিসি’।

গ্রিক কবি হোমারের প্রায় তিন হাজার বছরের পুরোনো মহাকাব্য ‘দ্য ওডিসি’ অবলম্বনে নির্মিত হয়েছে সিনেমাটি। ২০০৯ সালের পর কোনো সিকুয়েল বা রিমেক ছাড়া আন্তর্জাতিক বাজারে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করা প্রথম সিনেমা হিসেবেও রেকর্ড গড়েছে এটি। পাশাপাশি আইম্যাক্স প্রযুক্তিতে মুক্তি পাওয়া চলচ্চিত্রগুলোর মধ্যেও এটি সর্বোচ্চ আয়কারী।

‘দ্য ওডিসি’ নোলানের ক্যারিয়ারেরও সবচেয়ে সফল সিনেমা। এর আগে তাঁর সর্বোচ্চ আয়কারী সিনেমা ছিল ‘দ্য ডার্ক নাইট রাইজেস’, যা বিশ্বজুড়ে ১ বিলিয়ন ডলারের বেশি আয় করেছিল। ওয়ার্নার ব্রাদার্স ছেড়ে ইউনিভার্সাল পিকচার্সে যোগ দেওয়ার পর এটি নোলানের দ্বিতীয় বড় সাফল্য।

এর আগে ২০২৩ সালে একই স্টুডিওর ব্যানারে নির্মিত তাঁর ‘ওপেনহাইমার’ বিশ্বজুড়ে ৯৮৩ মিলিয়ন ডলার আয় করে এবং সাতটি বিভাগে অস্কার জিতেছিল। সূত্র: ভ্যারাইটি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension