বিনোদন

এমি অ্যাওয়ার্ডস: ১৯ মনোনয়নের মধ্যে ১৪ পুরস্কার জিতে শীর্ষে যে সিরিজ

২০২৬ সালের এমি অ্যাওয়ার্ডসে সবচেয়ে বেশি পুরস্কার জিতে চমক দেখিয়েছে অ্যাপল টিভির নতুন হরর-কমেডি সিরিজ ‘উইডোজ বে’। প্রাইমটাইম এমি ও গত সপ্তাহের ক্রিয়েটিভ আর্টস অ্যাওয়ার্ড মিলিয়ে মোট ১৯টি মনোনয়নের মধ্যে ১৪টি পুরস্কার ঘরে তুলেছে সিরিজটি।

‘উইডোজ বে’ জিতেছে সেরা কমেডি সিরিজের পুরস্কার। সিরিজটির অভিনেতা ম্যাথিউ রিস পেয়েছেন সেরা কমেডি অভিনেতার পুরস্কার। একই বছর সীমিত সিরিজ ‘দ্য বিস্ট ইন মি’-এর জন্যও পুরস্কার পাওয়ায় ইতিহাস গড়েছেন তিনি। এই সিরিজের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন কেট ও’ফ্লিন এবং পার্শ্ব অভিনেতার পুরস্কার জিতেছেন স্টিফেন রুট।

এ ছাড়া নির্মাতা কেটি ডিপোল্ড সেরা চিত্রনাট্য এবং হিরো মুরাই সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন।

এবারের এমিতে ‘উইডোজ বে’র পর সবচেয়ে বেশি পুরস্কার জিতেছে এইচবিওর মেডিকেল ড্রামা ‘দ্য পিট’। মোট ২৫টি মনোনয়নের মধ্যে ৭টি পুরস্কার পেয়েছে সিরিজটি। এবারের আসরে কোনো সিরিজের জন্য এটিই ছিল সর্বোচ্চ মনোনয়ন। ‘দ্য পিট’ জিতেছে সেরা ড্রামা সিরিজের পুরস্কার। টানা দ্বিতীয়বারের মতো সেরা ড্রামা অভিনেতার পুরস্কার পেয়েছেন নোয়াহ ওয়াইল। গত বছর ১৩টি মনোনয়ন পেয়েছিল সিরিজটি; এবার সেই সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে।

অ্যাপল টিভির আরেক নতুন ড্রামা সিরিজ ‘প্লুরিবাস’ও পেয়েছে ছয়টি পুরস্কার। সিরিজটির নির্মাতা ভিন্স গিলিগান চিত্রনাট্যের জন্য পুরস্কার পেয়েছেন। সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন রিয়া সিহর্ন। ‘বেটার কল সল’-এ দীর্ঘদিন অভিনয় করেও এমি না পাওয়ার পর অবশেষে এবার সেই আক্ষেপ ঘুচল তার।

সীমিত সিরিজ বিভাগেও ৭টি পুরস্কার নিয়ে এগিয়ে ছিল ‘ডিটিএফ সেন্ট লুইস’। সিরিজটির জন্য পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন ডেভিড হারবার এবং পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন লিন্ডা কার্ডেলিনি। সিরিজটির নির্মাতা স্টিভেন কনরাড পরিচালনা ও চিত্রনাট্যের জন্যও পুরস্কার পেয়েছেন।

এ ছাড়া এবারের এমি আসরে বেশ কয়েকজন তারকা পুরস্কার পেয়েছেন। ‘দ্য ডিপ্লোম্যাট’ সিরিজের জন্য সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন অ্যালিসন জ্যানি। ‘রিমার্কেবলি ব্রাইট ক্রিয়েচার্স’-এর জন্য সীমিত সিরিজ বা টিভি সিনেমার সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন স্যালি ফিল্ড। আর ‘টাস্ক’ সিরিজের জন্য সেরা পার্শ্ব ড্রামা অভিনেতার পুরস্কার পেয়েছেন টম পেলফ্রে।

এবারের এমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান সঞ্চালনা করেছেন ‘ল অ্যান্ড অর্ডার: স্পেশাল ভিকটিমস ইউনিট’খ্যাত অভিনেত্রী মারিস্কা হারগিটে। পুরো অনুষ্ঠানজুড়ে রসিকতা, সংগীত পরিবেশনা এবং দ্রুত পোশাক ও চুলের পরিবর্তনের মাধ্যমে দর্শকদের মাতিয়ে রাখেন তিনি। অনুষ্ঠানের একটি ‘এসভিইউ’ ঘরানার স্কেচেও পপ তারকা টেলর সুইফটকে দেখা গেছে।

সূত্র: ভ্যারাইটি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension