কবিতাসাহিত্য

কবিতা

তাহমিদ হাসান

প্রথমে পরিত্যাগ করলে সুর ও ছন্দ, তারপর অলঙ্কার;
নিষিদ্ধ হলো তোমার মার্জিত ভাষা; বস্তির খিস্তি খেউর
শিখলে পর্যাপ্ত পরিমাণে—এসবই নাকি আধুনিকতার
লক্ষণ; ভালো, বেশ ভালো। একদা তোমার রূপে ছিল
স্বর্গীয় সুষমা; অথচ বর্তমানে পতিতার প্রসাধনের
মতো মেকি তোমার লাবণ্য—এটাও নাকি আধুনিকতা!
মেনে নিলাম, যেহেতু আমি অর্বাচীন; পণ্ডিতের সাথে
বিতর্ক আমাকে মানায় না; আমি তো আজন্ম নিভৃতচারী।

যদি নিজের কথা বলি, তবে নিপাট নগ্নতার চাইতে
অবগুণ্ঠিতা আমার প্রিয়; সৌন্দর্যতত্ত্ব ও তাই বলে।
অথচ এখন তুমি নগ্ন নারীর মতন উন্মুক্ত করেছো
সব রহস্যের রাজপথ। এখন তোমাকে পাঠ করবার
প্রয়োজন নেই; ক্যাবারে নটীর মতো সন্ধ্যার সঙ্গিনী
তুমি—মায়াবী মুদ্রার কাছে পরাজিত সস্তা পারিজাত।

নামতে নামতে বহু নিচে নেমে গেছো তুমি; তোমাকে এখন
অপরিচিতা মনে হয়; তবু এটাই নাকি উত্তর আধুনিকতা!
ভালোবাসা এখন অন্যায়; প্রতারণা এখন প্রজ্ঞার পুরস্কার;
অতএব হে কবিতা, আর কতো ধ্বংস করবে নিজেকে!

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension