
তুহীন বিশ্বাস
অভাব কিংবা অভ্যাস চুষছে সভ্য লজেন্স
চৌধুরীর কুকুরটাও তো সুযোগ পেলে খায়,
নেশাগ্রস্তরা নির্বোধের ঠিকানায় বসতি গড়ে
আমি শুনি ঝড়ে ঝরেপড়া শিউলির ক্রন্দন।
উঁচুতলার নিচু মানুষের সুক্ষ্ম অভিনয় দেখি
নিচুতলার কোমল মাটির সবিনয়টাও দেখি,
অবশ্য শিক্ষা, পরিবেশ কিংবা জন্মান্ধ দায়ী
তাই পূর্বসূরি শত্রু হয়ে যায় উত্তরসূরির কাছে।
নির্গত নিকোটিনে ছিন্নভিন্ন সম্পর্কের মমতা
পাপ রাজ্যের কর্পোরেশন কর্মী হিমশিম খায়,
ওই ধ্বংসস্তূপে দাঁড়িয়েই রাজসাক্ষী হতে চাই;
পরিশুদ্ধ সমাজ বিনির্মাণে লেখা থাকুক নাম।



