
মুহাম্মদ রফিক ইসলাম
আমন ধানের যুবতি সবুজের লাবণ্য গাঢ় হলে
সোনা রোদ্দুরে উজ্জ্বল হয়ে ওঠে মাঠ
চোখের ভেতর মাঠের রঙ মেখে পাখি
পাখনা খুলে উড়াল দেয় আকাশে
পাখি ও পাখনার নিবিড় ঘনিষ্ঠতায়
অকৃত্রিম প্রেমের পরম সৌরভ লুফে নিতে
প্রকৃতি মেতে ওঠে কার্তিকের সৌন্দর্যে
কার্তিকের ওইসব স্নিগ্ধ বিকেল পাঠে
পৃথিবীতে নেমে আসে হেমন্ত
হেমন্তের ছোঁয়ায় শিহরণ জাগে কৃষক পাড়ায়
বিমুগ্ধ কৃষাণীর ঠোঁটের কোণে ছড়িয়ে পড়ে
সোনা ফসলের আগাম রূপালি হাসি



