
কবিতা
কৃষ্ণগহ্বর
চাইছি ভীষণ দূরেই থাকুক সেও
যখন বুকের খাঁচা প্রেমেতে জর্জর,
কাছে এলেই সুখ শুষে নিই যদি
আমি প্রকাণ্ড এক কৃষ্ণগহ্বর।
নদীর মতো সহজ আমি নই
নীল স্বপ্নের রাজকন্যার মত,
বরং দুঃস্বপ্নেই আমার যাতায়াত
দান করে যাই গভীর যত ক্ষত।
চাইছি ভীষণ ভুলেই থাকুক সেও
আমায় চেনার তারও তো নেই দায়,
রাখলে মনে জমবে শুধুই ব্যাথা
বিবশতায় সময় অসহায়।
দূরে থেকেই আঁকছি তাকে রোজ
হৃদয় থেকে মুছছি শতবার,
কাছে এলেই সুখ শুষে নিই যদি
আমি নিঃস্ব যে এক কৃষ্ণগহ্বর।



