যুক্তরাষ্ট্র

গোপন নথি ফাঁস, সিআইএর সাবেক কর্মকর্তার ৪০ বছরের জেল

গোপন নথি ফাঁস করায় যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএর সাবেক কর্মকর্তা জোশুয়া শুলতেকে ৪০ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এই গোয়েন্দা কর্মকর্তা গোপন নথি ফাঁসের আলোচিত প্ল্যাটফর্ম উইকিলিকসের কাছে সিআইএর এসব গোপন নথি তুলে দিয়েছিলেন।

একই সঙ্গে শিশুদের নিপীড়নের ছবি রাখার জন্যও ৩৫ বছর বয়সী জোশুয়াকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

সিআইএর ‘ভল্ট ৭’ ব্যবস্থার নথি ফাঁসের অভিযোগ আনেন জোশুয়ার বিরুদ্ধে। এটা এমন একটি ব্যবস্থা, যা দিয়ে গোয়েন্দারা স্মার্টফোন হ্যাক ও আলাপচারিতা শুনতে পারেন।

একে যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম ‘দুঃসাহসিক’ গোপন নথি ফাঁসের ঘটনা বলা হচ্ছে। ঘটনাটি ঘটেছিল ২০১৭ সালে। মার্কিন বিচার বিভাগের তথ্য অনুযায়ী, উইকিলিকসের কাছে সিআইএর প্রায় ৮ হাজার ৭৬১ গোপন নথি তুলে দিয়েছিলেন জোশুয়া। দেশটিতে একসঙ্গে এত গোপন নথি ফাঁসের ঘটনা আগে দেখা যায়নি।

তবে অভিযোগ অস্বীকার করেছেন জোশুয়া। যদিও ২০২০, ২০২২ ও ২০২৩ সালে নিউইয়র্কে তিনটি পৃথক ফেডারেল বিচারে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে। ২০১৮ সাল থেকে জোশুয়া কারাবন্দি আছেন।

মার্কিন অ্যাটর্নি দামিয়ান উইলিয়ামস বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম নির্লজ্জ ও জঘন্য গুপ্তচরবৃত্তির অপরাধ করেছেন জোশুয়া। এর মধ্য দিয়ে তিনি নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension