
ঘুমন্ত অবস্থায় চার গৃহহীনকে পিটিয়ে হত্যা
রূপসী বাংলা আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ধাতব লাঠি দিয়ে মাথায় আঘাত করে শুক্রবার চার জনকে হত্যা করেছে এক যুবক। হামলার শিকার আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিউ ইয়র্কে স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতে এঘটনা ঘটেছে। ম্যানহাটানের তিনটি ভিন্ন ভিন্ন এলাকায় ওই হামলা হয়।
নিউ ইয়র্ক টাইমস জানায়, চায়নাটাউন এবং লোয়ার ইস্ট সাইডে হামলাগুলো হয়।
প্রায় তিন ফুল লম্বা একটি লোহার পাইপ দিয়ে ওই ব্যক্তিদের মাথায় আঘাত করা হয়।
এক গোয়েন্দা কর্মকর্তা জানান, সম্ভবত হামলাকারী নিজেও গৃহহীন এবং কোনো কিছু বিচার না করেই সে একের পর এক মানুষ হত্যা করে গেছেন।
সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। পুলিশ ওই হামলায় ব্যবহৃত ধাতব লাঠিটিও জব্দ করেছে। নিহত সবাই গৃহহীন ছিল এবং ঘুমন্ত অবস্থায় তাদের উপর আক্রমণ করা হয় বলে ধারণা করছে পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স জানায়, কী কারণে এ হামলা হয়েছে তা খুঁজে বের করার চেষ্টা করছে পুলিশ। আটক সন্দেহভাজন হামলাকারীর নাম এখনো প্রকাশ করা হয়নি। তার বয়স ২৪ বছর।
পুলিশ জানায়, স্থানীয় সময় শুক্রবার মধ্যরাতের পর (রাত ২টার দিকে) তারা জরুরি নম্বরে ফোন পান।
বেঁচে যাওয়া ব্যক্তি খুব সম্ভবত হামলাকারীর দ্বিতীয় শিকার ছিলেন। তাকে নিউ ইয়র্কের ডাউনটাউন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।



