
শারমিন নাহার ঝর্ণা
শুধু একবার এই চোখে রাখো চোখ
চোখ সত্য কথা বলে দেবে,
কথা বলার কোন দরকার হবে না
চোখের ভাষাই বলে দেবে
তোমার আমার প্রণয়ের গভীরতা।
তোমার চোখে দেখি প্রচণ্ড মায়ার স্রোত,
এই মায়ার গভীরে লুকিয়ে আছে
এক অনন্ত প্রতিশ্রুতি জন্ম জন্মান্তরের।
ঐ চোখের মধ্যেই আমি খুঁজে পাই শান্তি,
তুমি কিছু বলো না তবু তোমার নীরবতা—
আমায় সমস্ত কিছু বলে দেয় নির্বিঘ্নে।
বিশ্বাস তখন কেবল অনুভবে বুঝে নিতে হয়,
চোখে রাখো চোখ তোমায় দেখি খুব করে,
প্রণয় প্রদীপের আলোয় তোমায় দেখি মন ভরে।



