
ভীষ্মদেব মণ্ডল
আণবিক শক্তির ভয়াবহ তাপে
ধ্বংসের ভয় নিয়ে সভ্যতা কাঁপে,
অস্থির অবনিতে সুখ পুড়ে ছাই
এতটুকু শান্তির পরিবেশ নাই।
দেশে দেশে মিলমিশ মান্যতা যত
সব ভুলে দেখি শুধু বিরোধিতা শত,
মরণের উৎসব দিন দিন বাড়ে
জনতার জীবনের সব সুখ ছাড়ে।
বিনাশের আয়োজনে পড়ে গেছে ধুম
অযাচিত রণভীতি কেড়ে নিছে ঘুম,
শান্তির আলোচনা নোনাজলে ভাসে
বলী পায় সফলতা মনে মনে হাসে।
মানবিক চেতনার ফুল ফুটে ঝরে
সুখময় সব আশা বেদনায় মরে,
হতাশায় বহুলোক সবদেশে কাঁদে
সকলেই বাধা আজ মরণের ফাঁদে।



