
সারমিন চৌধুরী
যাকে রেখেছিলাম হৃদয়ের কাছে
হঠাৎ হারিয়ে গেছে সে ধূপছায়া বিকেলে
পড়ে আছে শুধুই পাষাণ ঘ্রাণ স্মৃতির তাকে।
থরেবিথরে সযত্নে সাজিয়েছিলাম প্রণয়ী প্রেম
সেখানে উপচে পড়ে জলতরঙ্গ আচমকাই
দুঃখজাগানিয়া সুরে ডাকে অতীতের দিকে
যেখানে ডুবেছিল আশান্বিত অমল ভোর;
তার মন বাগিচায় ফুল হয়ে ফুটতে গিয়ে
আঘাতের টোকায় ঝরেছে রঙিন ইচ্ছেরা!
অনাদরে পায়ে পিষে হলো বুকের রক্তক্ষরণ
জন্ম নিয়েছে সেই বিক্ষত ছায়াতে অপ্রেম।
নিজের ভেতর নিজে তড়পাই মরি ব্যথায়
কেন নির্ঘুম চোখের পুড়ে যাওয়া স্বপ্নগুলো?
এমনই শ্মশানের মতই নীরব হয়ে গেছে;
অনুভূতিরা হয়েছে কারাবন্দী বুকের মধ্যেই
অনভ্যস্ত দু’ঠোঁটে পান করছি বিরহ-বিষ
চোখ থেকেও ভুগছি এই অভিশপ্ত অন্ধত্বে;
না দেখি দিনের আলো না রাতের পূর্ণিমা
আছে শুধু ছায়াসঙ্গী হয়ে অন্ধকার।



