
সারমিন চৌধুরী
সেই কোনো এক পড়ন্ত বিকেলে
তুমি অতিক্রম করেছিলে দৃষ্টির সীমানা
তবুও কেন বাতাসের গালিচায় ফিরে আসছো?
আমার কল্পনার জগতে বেলা-অবেলায়
আচমকা কানে শুনতে পাই দূর থেকে,
যেন তোমার জীর্ণ কণ্ঠস্বর ভেসে আসছে
অজানা ভয়ে বুকের ভেতরটা মচমচ করে
মুহূর্তেই পাঁজর ভেঙে চুরমার হয়ে যাচ্ছে!
ইচ্ছে করে আলিঙ্গন করি অভিমান ভুলে।
অতঃপর নিজেকে নিজেই সান্ত্বনা দিয়ে
সমস্ত অস্থিরতার ধামাচাপা দেওয়া হয় বাঁ পাশে।
আসলেই এই দেউলিয়া মন স্থান ছাড়লেও
মায়া ছাড়েনি, অবহেলার দরিয়ায় ডুবেও
এই নির্ঘুম রক্তচক্ষু ঘিরে তোমার অবয়ব;
তখন নরকীয় দুঃখরা হেসে বলে আমাকে,
এই মুখটি তোর সুখ স্বর্গ ইহলোকে।



