
নারায়ণগঞ্জ জেলা সমিতির নির্বাচনে ফরিদ-আলী পরিষদ বিপুল ভোটে জয়ী
রূপসী বাংলা প্রবাস ডেস্ক:প্রবাসের অন্যতম ও পুরানো আঞ্চলিক সংগঠন নারায়ণগঞ্জ জেলা সমিতি উত্তর আমেরিকা ইন্ক এর প্রথমবারের মতো নির্বাচন অনুষ্ঠিত হয়েছে গত ২৫ আগস্ট রোববার জ্যামাইকাস্থ ইকরা মিলনায়তনে (৮৮-১৬, ১৭৫ স্ট্রিট)। এদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোট গ্রহণ করে নির্বাচন কমিশন।

নির্বাচনে ৫৯৪জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের ভোটে ফরিদ-আলী পরিষদের প্রার্থীরা বিপুল ভোটে জয়ী হয়েছেন। নির্বাচনে সভাপতি হয়েছেন মির্জা ফরিদ উদ্দিন এবং সাধারণ সম্পাদক হয়েছেন মোঃ আলী হোসেন। সভাপতি পেয়েছেন ৫০৭ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী মোহাম্মদ এম. করিম পেয়েছেন ৮৫ ভোট।

সাধারণ সম্পাদক পদে মোঃ আলী হোসেন পেয়েছেন ৫৩৩ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী ফয়সল হক দোলন পেয়েছেন ৬১ ভোট। সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোহাম্মদ এ. মান্নান ৫৩৮ ভোট পেয়ে এবং সর্বাধিক ৫৩৯ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তফা জামাল ও অপর সহ-সভাপতি হয়েছেন মশিউর রহমান তুহিন পেয়েছেন ৫০৭ ভোট। এ ছাড়া নির্বাচিতদের মধ্যে সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুল মতিন সিকদার ৫১৭ ভোট, কোষাধ্যক্ষ পদে মোঃ আব্দুল কাদের ৫৩২ ভোট, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ কামাল হোসেন টিটু ৫১৭ ভোট, প্রচার সম্পাদক পদে সৈয়দা সাবরিন পম্পি ৫৩৪ ভোট, সমাজ কল্যাণ ও আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ জহিরুল ইসলাম ৫২১ ভোট, মহিলা সম্পাদক পদে গোপা পাল ৫৩১ ভোট, সাংস্কৃতিক সম্পাদক পদে ফারহানা আমান ৫২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্য হিসাবে মোঃ জে. আলম ৫৩৮ ভোট, নিতাই দাস ৫৩৩ভোট, রোজিনা আকতার ৫৩২ ভোট, সবুজ মিয়া ৫২২ ভোট ও এস.এম.কে. ইকবাল ৫১১ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মনোনয়নপত্র দাখিলের পর সাংগঠনিক সম্পাদক পদে আবু নাফে খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এই পদে তার প্রতিদ্বন্দ্বি প্রার্থী দেলোয়ার হোসেনের সদস্য পদ স্থগিত হলে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

উল্লেখ্য, এবারের নির্বাচন উপলক্ষে ১৭শতাধিক সদস্যের আবেদন পত্র জমা পড়েছিল ভোটার নিবন্ধনের লক্ষ্যে। যাচাই বাচাইয়ের পর ৩৪জন আজীবন সদস্যসহ ১৬৯৪ ভোটার চূড়ান্তভাবে নিবন্ধন করেছিল নির্বাচন কমিশন।
গত ২৫ আগস্ট অনুষ্ঠিত নির্বাচনে ১৯ সদস্য বিশিষ্ট প্যানেলের ১৮টি পদে ৩৬ জন প্রার্থী প্রতিদ্বন্ধিতা করেছেন। নির্বাচনে ফরিদ-আলী এবং করিম-দোলন প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেছিল।

ভোট গণনার পর বিজয়ী প্রার্ধীদেও নাম ঘোষণা করেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এ সময় সংগঠনের কর্মকর্তা ও ভোটারদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রধান নির্বাচন কমিশনার আসাদুল বারী আসাদ, নির্বাচন কমিশনার ডাঃ শামীম আহমেদ, এমডি, শামছুল আলম লিটন ও দর্পণ কবীর। এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা নির্মল পাল, আলহাজ্ব মতিউর রহমান ও মোহাম্মদ মজিবর এবং ভোটারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন বিজয়ী কমিটির সভাপতি মির্জা ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মোঃ আলী হোসেন।



