নিউ ইয়র্কপ্রবাস

নিউ ইয়র্ক সিটি কাউন্সিল নির্বাচনে জিততে পারেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণী

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে প্রথমবারের মতো একজন বাংলাদেশি বংশোদ্ভূত মেয়ে শাহানা হানিফ জনপ্রতিনিধি নির্বাচিত হতে পারেন।

গতকাল ২২ জুন নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে দলীয় প্রাইমারি হয়। ডেমোক্রেটিক দলের প্রাইমারিতে শাহানা হানিফ ব্রুকলিনের কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯-এর সরাসরি ভোটে নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১০ শতাংশ ব্যবধানে এগিয়ে রয়েছেন। দলীয় প্রাইমারিতে শাহানা জয়ী হতে পারেন বলে সম্ভাবনা তৈরি হয়েছে।

ডেমোক্র্যাট–বহুল নিউ ইয়র্ক নগরীর সিটি কাউন্সিলে যারা দলীয় প্রাইমারিতে জয়ী হবেন, তারাই ২ নভেম্বরের মূল নির্বাচনে বিজয়ী হবেন বলে নিশ্চিতভাবে ধারণা করা যায়।

২২ জুন অনুষ্ঠিত ‘র্যা ঙ্ক চয়েস’ ভোটের ফলাফল ২৯ জুন নিউইয়র্কের নির্বাচন অফিস থেকে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আগাম ভোট ও ডাক ভোট যোগ হয়ে দলীয় প্রাইমারির মূল ফলাফলে পরিবর্তন আসতে পারে।

নগরীতে প্রথম ‘র্যা ঙ্ক চয়েস’ পদ্ধতিতে ভোট হয়। এ পদ্ধতিতে একজন ভোটার পছন্দের ক্রমানুসারে পাঁচজনকে ভোট দিতে পারেন। সিটির চূড়ান্ত ভোট অনুষ্ঠিত হবে চলতি বছরের ২ নভেম্বর।

নগরীর কুইন্স থেকে সিভিল বিচারক পদে নির্বাচন করা প্রার্থী সোমা সাঈদ অল্প ভোটে এগিয়ে রয়েছেন। চূড়ান্ত ফলাফলে তিনি নির্বাচিত হলে প্রথম বাংলাদেশি হিসেবে নিউ ইয়র্কের সিভিল বিচারক হিসেবে ১০ বছরের দায়িত্ব পালনের সুযোগ পাবেন।

শাহানা হানিফ ও সোমা সাঈদ ছাড়া বারো জনেরও বেশি বাংলাদেশি অন্যান্য প্রার্থী নির্বাচনে ভালো করতে পারেন নি বলে প্রাথমিক ফলাফলে দেখা গেছে।

শাহানা হানিফ আগামী নভেম্বরের নির্বাচনে জয়ী হলে বাংলাদেশি অভিবাসীবহুল নিউইয়র্কে নতুন ইতিহাসের সূচনা করতে পারেন। নিউইয়র্কে বাংলাদেশিদের তৃতীয় প্রজন্মের অভিবাসন চলমান। কিন্তু এখানে এখনো কোনো বাংলাদেশি জনপ্রতিনিধি হতে পারেননি। গত দুই দশকের বেশি সময় ধরে চেষ্টা করে কোথাও নিজেদের কোনো ঐক্যবদ্ধ প্রার্থী দাঁড় করাতে পারেননি বাংলাদেশিরা।

শাহানা হানিফ অনেক দিন ধরে ব্রুকলিনে রাজনীতিতে সক্রিয়। মাঠের রাজনীতিতে তিনি প্রগতিশীল যুব প্রজন্মের প্রতিনিধি হিসেবে পরিচিত।

ব্রুকলিনে বসবাসরত বাংলাদেশিরা শাহানা হানিফের সমর্থনে ব্যাপকভাবে কাজ করেছেন। গতকাল রাতে এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শাহানা হানিফ জনগণের অধিকারের ভবিষ্যৎ লড়াইয়ে সবাইকে পাশে থাকার আহ্বান জানান।

নির্বাচনে সিটির ৫ বরোর মধ্যে ৩ বরো থেকে ১৩ বাংলাদেশি-আমেরিকান বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন।

নিউ ইয়র্ক সিটির বোর্ড অব ইলেকশন সূত্রে জানা গেছে, এ বছর ডেমোক্রেটিক–দলীয় প্রাইমারি নির্বাচনে মেয়র পদে ৯ প্রার্থীসহ মোট ৫২৯ জন বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। আগাম ভোট, মেইল ভোট ও ভোটের দিন ভোট—এই তিন পদ্ধতিতে ভোটদানের নিয়ম। ১২ থেকে ২০ জুন পর্যন্ত আগাম ভোট গ্রহণ চলে।

নিউ ইয়র্ক সিটির ৫ বরোর ৫১টি ডিস্ট্রিক্ট কাউন্সিলের মধ্যে বাংলাদেশি প্রার্থী হিসেবে ব্রঙ্কস বরোর কাউন্সিল ডিস্ট্রিক্ট-১৮ থেকে মোহাম্মদ এন মজুমদার ও মির্জা মামুন রশীদ, কুইন্স বরোর কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৪ থেকে মৌমিতা আহমেদ, সাবুল উদ্দিন ও সাইফুর খান হারুন, কাউন্সিল ডিস্ট্রিক্ট-২৬ থেকে বদরুন খান ও সুলতান মারুফ, ব্রুকলিন বরোর কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩২ থেকে শেখ হেলাল, কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৭ থেকে মিসবা আবদীন, কাউন্সিল ডিস্ট্রিক্ট-৩৯ থেকে শাহানা হানিফ ও মামনুন হক প্রতিদ্বন্দ্বিতা করেন।

কুইন্স কাউন্টি জজ পদে অ্যাটর্নি সোমা সাঈদ প্রতিদ্বন্দ্বিতা করেন। এ ছাড়া ডিস্ট্রিক্ট লিডার পদে শাহানা মাসুম অ্যাসেম্বলি ডিস্ট্রিক্ট-৬১ থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension