
তাহমিদ হাসান
অন্তরীক্ষ আজন্ম অচেনা
পদতলে বাজে প্রলয়ের প্রতিধ্বনি
নক্ষত্র নীরবে নাচে পায়ে তার কালের ঘুঙুর।
মানুষ মূলত অবিশ্বাসী
মুখের আড়ালে তার নাগিনীর ফণা
ক্ষণে ক্ষণে রঙ বদলায় যেন অস্থির খঞ্জনা।
পুষ্প-বৃক্ষ শূন্য মরুভূমি
রুক্ষ রাত্রি ধাঁধার মতন মরীচিকা
পৃথিবীর সমান বয়সী উল্কা করছে উল্লাস।
বিধাতা বসেছে তাঁর ধ্যানে
সময় ঘুরছে যেন কলুর বলদ
আলো আর অন্ধকারে ভস্মীভূত সৃষ্টির শাশ্বত রূপ।
মাঝে মাঝে চমকায় চতুর বিদ্যুৎ
প্রকৃত প্রস্তাবে নিখিল নাস্তির নেই কোনো খুঁত।



