
তাহমিদ হাসান
পথ এক অদ্ভুত আশ্রয়
কেহ পায় ঘর খুঁজে, আর কেহ যায় রসাতলে
তবু পথ দু’দিকে তাকায়
গণিকার হাত ধরে আঁধারে কে যায়?
বুকে তার সহস্র শতাব্দী
কতো রথ চলে গেছে শব্দ করে দূরে
কতো মৃত্যু জমা আছে নাড়ীর ভেতর
কতো প্রশ্ন করেছিল প্রেমের পথিক।
রাত যায় পথ যায় সময়ের সাথে
মরে গেছে কতো পথ প্রাচীন প্রলয়ে
এই পথে একদিন ক্লিওপেট্রা হেঁটেছিল হেসে
আদিম রমণী এক এই পথে রেখে গেছে তার অভিজ্ঞান।
এই পথ বসে ভাবে আর কতদূর
আর কতো মানুষের নিষ্ফল নিয়তি
আর কতো যাত্রা হবে বেদনায় চুর
কতো পথ পাড়ি দিলে ভেঙে যাবে পথিকের ভীতি?



